দুই শ র‍্যাপার নিয়ে এক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শ র‍্যাপার নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন মূর্তজা মাহমুদ। এতে সারা দেশ থেকে র‍্যাপারদের অংশগ্রহণ থাকবে। ‘দেশী হিপহপ ভলিউম ২’ শিরোনামের এই অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

মূর্তজা মাহমুদ বলেন, ‘আমাদের হিপহপ ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি সম্ভাবনাময়। হলিউড ও বলিউডে এখন সবচেয়ে হিট গানগুলোতে র‍্যাপারদের অংশগ্রহণ বেশ লক্ষণীয়। পাশাপাশি তাঁরা কাজ করছেন বিভিন্ন টিভি কমার্শিয়ালেও। একক অ্যালবাম ও মিউজিক ভিডিও ছাড়ছেন বাণিজ্যিক আকারে। কারণ একটাই, তাদের অর্থ জোগান দিচ্ছেন বড় বড় কোম্পানি। কিন্তু বাংলাদেশে এসব প্রতিভাবান র‍্যাপার র‍্যাপ করছেন রাস্তার পাশে বা বন্ধুদের আড্ডায়। তাঁদের দৌড় ফেসবুক আর ইউটিউব পর্যন্ত। তবে আমাদের দেশের র‍্যাপাররা যোগ্যতায় যেকোনো বিদেশি শিল্পীর চেয়ে কম নয়। তাই সারা দেশের ২০০ জন র‍্যাপার নিয়ে আমি নিজ উদ্যোগে এ অ্যালবামটি করছি।’

মূর্তজা মাহমুদ এর আগে ‘দেশী হিপহপ ভলিউম ১’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশ করেছিলেন। সেই অ্যালবামে কাজ করেছিলেন ১০০ জন র‍্যাপার। বাংলাদেশ ছাড়াও সেখানে ছিলেন ঘানা, জাম্বিয়া, আমেরিকা, সৌদি আরব, চীন, ভারত এবং ইউরোপের বিদেশি ও প্রবাসী র‍্যাপার।