সহোদরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে
লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে

লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে-গানের জগতের কিংবদন্তি এই দুই বোনেরই জন্মদিন এই সেপ্টেম্বর মাসে। হিন্দি ছবির জগৎ জয় করা দুই সহোদরার গাওয়া বাংলা গানগুলোও অনবদ্য। আসুন, দুই কিস্তিতে জেনে নিই তাঁদের জীবনের টুকিটাকি।
পঞ্চাশ ও ষাটের দশকে লতা মঙ্গেশকরের উত্থান
শুধু ভারত কেন, সমগ্র এশিয়ার ইতিহাসে তাঁদের মতো আর কোনো সংগীতপ্রতিভার জন্ম হয়েছে কি না বলা মুশকিল। তাঁদের জন্মও একই মাসে, এই সেপ্টেম্বরে! আবার তাঁরা দুই বোন। বুদ্ধিমান পাঠক এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন তাঁদের নাম-লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে।
আগামী ২৮ সেপ্টেম্বর লতার ৮৭ তম জন্মদিন (১৯২৯)। ৮ সেপ্টেম্বর ছিল আশার ৮৩ তম জন্মদিন (১৯৩৩)। পাঁচ দশকের বেশি সময় ধরে তাঁরা ভারতীয় চলচ্চিত্রের গানের জগৎ শাসন করে চলেছেন। এটা কেবল ক্রমাগত সাফল্য অর্জন করেই সম্ভব। তাই এই দুই সহোদরা সংগীতপ্রতিভার মধ্যে তুলনা হবে—এটা অস্বস্তিকর হলেও অপরিহার্য।
১৯৪২ সালে পণ্ডিত দীননাথ মঙ্গেশকর যখন মারা যান, তখন লতার বয়স মাত্র ১৩। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা দীননাথ, তাঁর মৃত্যুর পর লতাকে সংসারের দায়িত্ব নিতে হয়। তিনি বিভিন্ন চলচ্চিত্রে কিছু অভিনয় ও গানের কাজ শুরু করেন। বাবার কাছে শাস্ত্রীয় সংগীত শেখা লতা পরে সংগীতকেই জীবিকা হিসেবে বেছে নেন। কাছাকাছি সময়ে আশাও গান গাওয়া শুরু করেন। অবশ্য পরে তাঁদের বাকি ভাইবোন-ঊষা মঙ্গেশকর, মীনা খাদিকর, হৃদয়নাথ মঙ্গেশকর-সবাই সংগীতশিল্পী বা সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। 

চল্লিশের দশকে লতা ও আশা দুজনেই চলচ্চিত্রের সংগীত শুরু করেন। তখনকার দিনে তাঁদের প্রতিদ্বন্দ্বী ছিল নূরজাহান, আমির বাঈ, রাজকুমারী, গীতা দত্ত ও সুরাইয়ার মতো শিল্পীরা। গানের জগতে নিজেদের পরিচয় তৈরির আগে লতা অনুসরণ করলেন নূরজাহানের গানের ধারাকে, আর আশা অনুসরণ করলেন গীতা দত্তের ধারা। সাতচল্লিশের দেশভাগের পর নূরজাহান চলে গেলেন পাকিস্তানে। আর ঠিক এ সময়েই লতা তাঁর ছোট বোন আশার সঙ্গে প্রতিযোগিতায় অনেক এগিয়ে যান। ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘মহল’, ‘বারসাত’, ‘আন্দাজ’-এর মতো একের পর এক সিনেমায় তাঁর গান সুপারহিট হয়।
এরপর পঞ্চাশ ও ষাটের দশকে সংগীতের জগতে লতার দ্রুত উত্থান ঘটতে থাকে। তাঁর গলা ছিল সমসাময়িকদের তুলনায় একদম অন্যরকম। খুব সাধারণ সুরও তাঁর গলায় এত সুন্দর হয়ে উঠত যে এই সময়ে তিনি ভারতের ‘সুরসম্রাজ্ঞী’ হিসেবে খ্যাতি পেয়ে যান। ‘আনারকলি’, ‘নাগিন’, ‘মধুমতি’, ‘মুঘল-এ-আজম’, ‘আম্রপালি’, ‘ও কৌন থি?’ -র মতো চলচ্চিত্রগুলোতে তাঁর গানের পর গান জনপ্রিয় হয়।
লতার গলা ছিল শান্ত, কোমল, মিষ্টি। স্বাধীনতা পরবর্তী সময়ে আদর্শ ভারতীয় নারীকণ্ঠ হয়ে ওঠেন লতা মঙ্গেশকর। চলচ্চিত্রের গানকে যাঁরা তেমন পছন্দ করতেন না, তেমন সমালোচকরাও সংগীতে লতা মঙ্গেশকরের অবদানকে অকুণ্ঠচিত্তে স্বীকার করে নেন। চলচ্চিত্রের সংগীতকে একটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন লতা। শাস্ত্রীয় ও লোক উভয় রকম সংগীত তিনি সমান দক্ষতায় গেয়েছেন। কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ লতা মঙ্গেশকরকে বলেছেন ‘ওস্তাদো কি ওস্তাদ’ (ওস্তাদদের ওস্তাদ)।
লতা মঙ্গেশকর যখন সব জয় করছিলেন, তাঁর বোন আশা ভোঁসলে তখনো কেবল নিজের স্থান করে নিতে সংগ্রাম করে যাচ্ছিলেন। বি-গ্রেড সিনেমার জন্য সস্তা গান কিংবা ভালো সিনেমার পার্শ্বচরিত্রের জন্য গানই তাঁর ভাগ্যে জুটত। ১৯৫৭ সালে গুরু দত্ত প্রযোজিত ‘সিআইডি’ চলচ্চিত্রের মাধ্যমে আশা ভোঁসলের ভাগ্য খুলে যায়। ‘সুরের রাজা’ বলে খ্যাত ও পি নায়ার, যিনি কখনোই লতার সঙ্গে কাজ করেননি, তিনি আশার কণ্ঠকে একটি ‘আবেদনময়ী’ চেহারা দেন। এ সময়ে এসে লতা ও আশার কণ্ঠের পার্থক্য পরিষ্কারভাবে বোঝা যায়। লতার কণ্ঠ যদি ‘চিনি’ হয়, তবে আশার কণ্ঠ হলো ‘মসলা’।
(কাল পড়ুন দ্বিতীয় কিস্তি)