দুর্গত শিশুদের জন্য অ্যাডেলের একদিন

লন্ডনের ২৬ তলার গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। স্বাভাবিক জীবনযাপনের চেষ্টায় তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামের মানসিক চাপ পড়ছে পরিবারগুলোর শিশুদের ওপরও। তাই এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন সংগীতশিল্পী অ্যাডেল। দুর্গত পরিবারের শিশুদের এক দিনের জন্য চাপমুক্ত রাখতে ডেসপিকেবল মি থ্রি ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন।
গত বৃহস্পতিবার লন্ডনের একটি সিনেমা হলে এই ছবির প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতে অ্যাডেলের সঙ্গে তাঁর চার বছরের ছেলে অ্যাঙ্গেলোও ছিল। দুর্গত পরিবারের শিশুদের পাশে বসে সে উপভোগ করে ছবিটি।
এটাই প্রথম নয়, গ্রেনফেল টাওয়ারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের জন্য আগেও বেশ কিছু দাতব্যকাজ করেছিলেন অ্যাডেল। দুর্ঘটনার রাতেই এই শিল্পী ছুটে গিয়েছিলেন সেখানে। এরপর সেই দুর্ঘটনার সময় কাজ করা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে করেছিলেন সৌজন্য সাক্ষাৎ। তা ছাড়া লন্ডনের উইম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত তাঁর সর্বশেষ কনসার্টে অ্যাডেল গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সাহায্যের জন্য তহবিল গঠনের ঘোষণাও দেন।
কণ্ঠনালিতে প্রদাহের কারণে উইম্বলি স্টেডিয়ামে কনসার্টের পর অ্যাডেল গান থেকে বিরতি নিয়েছেন। সুস্থ হওয়ার পর গান রেকর্ডিং শুরু করবেন তিনি। তবে অসুস্থতার কারণে এই শিল্পীর কনসার্টে গান করা এখন অনিশ্চিত। নিজের গান ও গুণ দিয়ে যেভাবে কোটি হৃদয় জয় করছেন এই তারকা, তাতে মঞ্চ না কাঁপালেও অ্যাডেলের জনপ্রিয়তার পারদ শিগগিরই নামার নয়। সূত্র: পিটিআই।