দুস্থদের পাশে সাবিনা

সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)। গত দুই বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি কাজ করছেন পৃষ্ঠপোষক হিসেবে। সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের কথা চিন্তা করে সম্প্রতি বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে ডিসিআই। এর উদ্বোধন করেন সাবিনা ইয়াসমিন।
আজ মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে সাবিনা ইয়াসমিন বলেন, ‘দুই বছর আগে চিকিৎসক এহসান হক আমাকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। প্রতিষ্ঠানটির কাজের ধরনের কথা শুনে আমি রীতিমতো প্রস্তাবটি লুফে নিই। এমনিতেই আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। তাই এবার বাচ্চাদের জন্য বিনা মূল্যে চক্ষুশিবির উদ্বোধন করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে।’

সাবিনা ইয়াসমিন এও বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান হচ্ছে ডিসিআই। গত বছর এই প্রতিষ্ঠানের হয়ে আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আটটি শো করি। শোর উদ্দেশ্যই ছিল সুবিধাবঞ্চিত ও দুস্থ বাচ্চাদের জন্য তহবিল সংগ্রহ করা। সুবিধাবঞ্চিত ও দুস্থ বাচ্চাদের সঙ্গে যখন মিশি অন্যরকম লাগে। আমি অনেক বেশি অবাকও হই, যখন দেখি এসব বাচ্চারা খুব চমৎকারভাবে গান করছে, কবিতা লিখছে, ছবি আঁকছে, মন দিয়ে পড়াশোনা করছে! ’
কল্যাণপুর পোড়াবাড়ী বস্তিতে ডিসিআইয়ের নিজস্ব হেলথ ক্লিনিকে আয়োজিত বিনা মূল্যের চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে ২৪৭ জনকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৮৭ জনকে চশমা দেওয়া হবে এবং ৩৭ জনের চোখের ছানি অপারেশন করা হবে। ক্যাম্পে ৭০ জন রোগীকে ওষুধ প্রদান করা হয়।