দুস্থদের পাশে সাবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন

সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করে ‘ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল’ (ডিসিআই)। দুই বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তিনি কাজ করছেন এর পৃষ্ঠপোষক হিসেবে। সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কথা চিন্তা করে সম্প্রতি বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে ডিসিআই। এর উদ্বোধন করেন সাবিনা ইয়াসমীন।
গতকাল মঙ্গলবার প্রথম আলোকে সাবিনা ইয়াসমীন বলেন, ‘দুই বছর আগে চিকিৎসক এহসান হক আমাকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন। প্রতিষ্ঠানটির কাজের ধরন শুনে আমি রীতিমতো প্রস্তাবটি লুফে নিই। এমনিতেই আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। তাই এবার বাচ্চাদের জন্য বিনা মূল্যে চক্ষুশিবির উদ্বোধন করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে।’
সাবিনা ইয়াসমীন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানের হয়ে আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আটটি শো করি। শোর উদ্দেশ্যই ছিল সুবিধাবঞ্চিত ও দুস্থ বাচ্চাদের জন্য তহবিল সংগ্রহ করা।’
কল্যাণপুরের পোড়াবাড়ী বস্তিতে সম্প্রতি ডিসিআইয়ের নিজস্ব হেলথ ক্লিনিকে আয়োজিত বিনা মূল্যের চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে ২৪৭ জনকে সেবা দেওয়া হয়।