দূরবীনের এক যুগ পূর্তিতে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূরবীন গানের দলের সদস্যরা
দূরবীন গানের দলের সদস্যরা

শুরুতে নাম ছিল লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী। চট্টগ্রামে কয়েকজন বন্ধু মিলে গড়েছিলেন সংগঠনটি। মঞ্চ নাটক আর গান-এই দুই-ই ছিল সংগঠনটির কাজ। এক সময় বন্ধুদের অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। কেউ চলে যান দেশের বাইরে। একা হয়ে যান সৈয়দ শহীদুল ইসলাম। নিজেও চলে আসেন ঢাকায়। শুরুতে পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষে যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে। কিন্তু গান আর মঞ্চ নাটকের নেশা রয়ে গেছে। ২০০৩ সালে গড়লেন দূরবীন গানের দল। শহীদের ভাষায়, ‘লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর নাম পরিবর্তন করে ঢাকায় আমরা গড়েছি দূরবীন গানের দল।’

গানের দল নয়, তরুণদের কাছে শুরু থেকেই ব্যান্ড হিসেবে দারুণ জনপ্রিয় হয় দূরবীন। জনপ্রিয়তা পায় দূরবীনের গান।

এ বছর এক যুগ পূর্তি হচ্ছে গানের এই দলটির। এই সময়কে আলাদা করে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কনসার্ট হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে, শুক্রবার। তিন ঘণ্টার এই কনসার্ট শুরু হবে বেলা তিনটায়।

শহীদ বললেন, ‘ইচ্ছে ছিল, দূরবীনের এক যুগ পূর্তি হবে বড় করে। কিন্তু নানা কারণে বিভিন্ন সংস্থার অনুমতি পেতে সমস্যা হচ্ছিল। শেষে আমরা রবীন্দ্রসরোবরকেই বেছে নিয়েছি।’

দূরবীনের এক যুগ পূর্তি কনসার্টে গান করবে শিরোনামহীন, ফ্রেড, কন্সট্যান্ট। আর দূরবীন তো থাকছেই। শূন্য ব্যান্ডেরও গান গাওয়ার সম্ভাবনা আছে। শহীদ বলেন, এই কনসার্টে ব্যান্ডের পুরোনো সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরাও গান করবেন। আসবেন অন্য সংগীতশিল্পীরাও। কনসার্টে সবাই মিলে কেক কাটবেন।

এ পর্যন্ত দূরবীন গানের চারটি অ্যালবাম বেরিয়েছে। সেগুলো হলো-‘দূরবীন’ (২০০৬), ‘দূরবীন ২.০১’ (২০০৮), ‘দূরবীন ২.০৩’ (২০১০) ও ‘দূরবীন ২.০৪’ (২০১৪)।