দেবশঙ্করে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবশঙ্কর হালদার
দেবশঙ্কর হালদার

গেল বছর কার্তিকে ঢাকার মঞ্চ মাতিয়েছিলেন পশ্চিমবঙ্গের গুণী শিল্পী দেবশঙ্কর হালদার। প্রায় এক বছর পর গতকাল রোববার শরতের সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারটি ছিল তাঁর দখলে। ছিল তাঁর একক অভিনয়। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটক নিয়ে থাকছেন তিনি।

গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ নাটকের নাম বর্ণপরিচয়। দেবশঙ্করের একক অভিনীত নাটকটি এই প্রথম দেখলেন ঢাকার দর্শক, গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনের সন্ধ্যায়। দক্ষিণ রুচিরঙ্গ নাট্যগোষ্ঠীর প্রযোজনায় ও রজতেন্দ্র মুখোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে নাটকটি।

দেবশঙ্কর হালদার বলেন, ‘অনেক মানুষ হওয়ার প্রবণতা সব সময়ই তাড়িয়ে ফেরে আমাকে। এই নাটকে সে সুযোগ পেয়েছি। কথক থেকে এক-একটা চরিত্রের ভেতর ঢুকে যাই। সহজ অনাড়ম্বর গল্প। রবীন্দ্রসংগীত, সুকুমার রায়ের ছড়া থেকে হিন্দি ছবির গান, বাস্তবের অনুষঙ্গে উঠে আসে সবই।’

কালকের একক অভিনয় শেষে প্রস্তুতি নিচ্ছেন তোমার আমির জন্য। আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে এই নাটকের প্রদর্শনী। কলকাতার নাটকের দল গণকৃষ্টির প্রযোজনা এটি। একজন তিন প্রজন্মের পড়ুয়া, অন্যজন সদ্য আগত বইয়ের জগতে। এমনই দুই চরিত্র অজিত ও মায়া তাদের বই ব্যবসার ওঠা-পড়ার মধ্য দিয়ে অন্য এক বোধে উত্তীর্ণ হয়। তোমার আমি এগিয়েছে এভাবেই।

স্লোভেনিয়ার নাট্যকার এভাল্ড ফ্লিশারের নাটক টেক মি ইনটু ইয়োর হ্যান্ডস-এর বাংলা ভাবান্তর তোমার আমি। দেবশঙ্কর হালদারের সঙ্গে সোমা দত্ত অভিনয় করেছেন এই নাটকে। রূপান্তর ও নির্দেশনায় অমিতাভ দত্ত।