দেশের গানে ছয় শিল্পী

ছাব্বিশে মার্চ উপলক্ষে একটি দেশের গান গাওয়ার উদ্যোগ নিয়েছেন দেশের দুই প্রজন্মের ছয় সংগীতশিল্পী। তাঁরা হলেন সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, শফিক তুহিন, কনা ও ইমরান। এরই মধ্যে গানটিতে তিনজন কণ্ঠ দিয়েছেন। বাকি আছেন পার্থ বড়ুয়া, কনা ও ইমরান। তাঁদের আগামীকাল কণ্ঠ দেওয়ার কথা রয়েছে। গানটির কথা লিখেছেন শফিক তুহিন। যার শুরুটা এ রকম: ‘অনেক দামে পাওয়া তুমি, রক্ত দিয়ে কেনা/ তুমি সত্য সুন্দর বাংলাদেশ, মায়ের মতো চেনা’।
নতুন এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। কদিন আগে তাঁর স্টুডিওতেই গানটিতে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী, সামিন চৌধুরী ও শফিক তুহিন। গানটিতে কণ্ঠ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘শফিক তুহিনের সুর ও লেখা আমার ভালো লাগে। দেশের জন্য গান গাওয়া তো আরও আনন্দের ব্যাপার। সব মিলিয়ে আমার ভালো লেগেছে।’
দেশের গান লেখার ব্যাপারে শফিক তুহিন বলেন, ‘আমি সর্বশেষ দেশা—দ্য লিডার ছবির জন্য একটি দেশের গান লিখেছিলাম। গানটি গেয়ে জেমস ভাই জাতীয় পুরস্কার পেয়েছেন। এটা দেশের গান লেখার ব্যাপারে আমার বড় অনুপ্রেরণা।’
শফিক তুহিন জানান, ঈগল মিউজিকের ব্যানারে খুব তাড়াতাড়ি গানটির মিউজিক ভিডিও তৈরি হবে। সেটি প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে।