দেসপাসিতোর নতুন ইতিহাস

সবাইকে পেছনে ফেলে লুইস ফনসি ও ড্যাডি ইয়াঙ্কির স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ গড়ল নতুন ইতিহাস। এটি এখন ইউটিউবে সর্বাধিকবার দেখা গানের তালিকার শীর্ষে রয়েছে। গানটি গতকাল রোববার পর্যন্ত দেখা হয়েছে ৩০৩ কোটি ৪৫ লাখবারের মতো। এটি ইউটিউবে ৩০০ কোটিবার দেখা প্রথম কোনো গান।
এ বছরের ১২ জানুয়ারি ‘দেসপাসিতো’ গানটি সংগীতশিল্পী লুইস ফনসির ইউটিউব চ্যানেলে তোলা হয়। এই গানের একটি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন সংগীত তারকা জাস্টিন বিবারও। সেখানেও এই গানের স্প্যানিশ অংশ গেয়েছেন ফনসি ও ড্যাডি ইয়াঙ্কি। মূলত বিবারের সংস্করণ প্রকাশ পাওয়ার পরপর মূল ‘দেসপাসিতো’ গানের কদর আরও বেড়ে যায়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে স্প্যানিশ গানটির সুনাম।
এত দিন ইউটিউবে সর্বাধিকবার দেখা গানের তালিকার ১ নম্বরে ছিল উইজ খলিফা ও চার্লি পুথের গান ‘সি ইউ অ্যাগেইন’। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন ছবিতে এই গান শোনা গিয়েছিল। গানটি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ গানকে ১ নম্বর থেকে ২–এ পাঠিয়েছিল।
সূত্র: এএফপি।