দ্বিতীয়বার আংটিবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর পর আবার একসঙ্গে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ঘর বাঁধবেন বলে ২০০৩ সালে এক হয়েছিলেন। তারপর সব ভেস্তে যায়। দুজনার দুটি পথ চলে গিয়েছিল দুই দিকে। অবশেষে আবার এক হয়েছে হলিউডের এই শক্তিশালী জুটি। জেনিফার লোপেজের হাতের আঙুলে বাগদানের আংটি। সেটি পরিয়েছেন বেন অ্যাফ্লেকই।

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ
ছবি: এএফপি

নিউজলেটার ‘অন দ্য জেলো ডটকমে’ চোখ রাখতে বলেছেন এই সংগীত তারকা। একটি ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামে। সেখানে লিখেছেন, ‘বিশাল ঘোষণা অন দ্য জেলো ডটকম–এ’! বিশাল ঘোষণা বটে। হলিউডের এই ‘পাওয়ার কাপল’–এর ফের এক ঘরে ফেরা যে তেমনই।

গত বছর অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টানেন জেনিফার। অন্যদিকে ২০২০ সালের জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে নিজের সম্পর্কের সমাপনী করেছেন বেন। জেনিফার-রদ্রিগেজের বিচ্ছেদের পর থেকেই একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ছিল বেনিফারের (বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ)।

প্রেমিক বেন অ্যাফ্লিক ও জেনিফার লোপেজ
ছবি: এএফপি

এরপর কখনো প্রমোদতরিতে ঘনিষ্ঠ অবস্থায়, আবার কখনো ব্যায়ামাগারে অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গেছে তাঁদের। নিজেদের প্রেম নিয়ে কোনো রাখঢাক নয়, বরং পুরোনো হিসাব–নিকাশ ভুলে নতুন রোমান্সে মজেছেন দুজন। গত বছর মেট গালার মঞ্চে মাস্ক পরেই ঠোঁটে ঠোঁট মেলানো যে তারই প্রমাণ।

জেনিফারের মুখপাত্রও এই সংগীতশিল্পীর বাগদানের খবর নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহের শুরুতেই জেনিফারের আঙুলে হীরার আংটি দেখা গিয়েছিল। সেই থেকেই বাগদানের জল্পনার শুরু। টুইটারেও নিজের বাগদানের ঘোষণার ইঙ্গিত দিয়েছেন জেনিফার লোপেজ। সেখানে তিনি জানান, খুব শিগগির বড় একটি ঘোষণা আসছে, সঙ্গে জুড়ে দেন হীরার আংটির ইমোজি।

‘এ বাঁধন যাবে না ছিড়ে’—লালগালিচায় বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ হাত ধরে কি সেটাই বোঝাতে চাইলেন?
এএফপি

বেন অ্যাফ্লেকের সঙ্গে ছাড়াছাড়ির পর মার্ক অ্যান্থনিকে বিয়ে (২০০৪) করেছিলেন জেনিফার। তাঁদের দুই সন্তান আছে। অন্যদিকে ২০০৫ সালে জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। এই সাবেক জুটিরও তিন সন্তান আছে।