দ্বৈত গানে কুমার বিশ্বজিৎ ও শুভমিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় গান রেকর্ডিংয়ের ফাঁকে কুমার বিশ্বজিৎ ও শুভমিতা
কলকাতায় গান রেকর্ডিংয়ের ফাঁকে কুমার বিশ্বজিৎ ও শুভমিতা

তিনটি গানে এক সঙ্গে কন্ঠ দিলেন বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও ভারতের শুভমিতা। সম্প্রতি কলকাতার ‘ওয়ান জিরো ফোর’ স্টুডিওতে গান তিনটির রেকর্ডিং শেষ হয়েছে। গান তিনটির শিরোনাম হলো-‘সুযোগ পেলে’, ‘উড়ে যায় মন’ ও ‘কোন কথাতে বাঁচি’।

কুমার বিশ্বজিৎ জানান, আগামী ভালোবাসা দিবসে ‘বসন্তের বন্যা’ নামে তাঁর একটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশিত হবে। সেই অ্যালবামের জন্য গানগুলো তৈরি করা হয়েছে।
শুভমিতা আর কুমার বিশ্বজিৎ এবারই প্রথম একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন। ‘প্রথম আলো’কে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শুরুতে মুঠোফোনে তাঁকে (শুভমিতা) একসঙ্গে গান গাইবার প্রস্তাব দিলে তিনি ডেমো গান ই-মেইলে পাঠানোর অনুরোধ করেন। গান পাঠানোর কয়েকদিন পর আমি কলকাতাতে যাই। আমি ওখানে যাওয়ার আগেই পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তিনি।’
স্টুডিওতে গান করার সময় শুভমিতার প্রস্তুতি দেখে খুবই অভিভুত হয়েছেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘তাঁদের পেশাদারি দেখে আমি মুগ্ধ হয়েছি। রেকর্ডিংয়ের সময় আমি যে আঙ্গিকে গানগুলো চেয়েছি, ঠিক সেই আঙ্গিকেই দ্রুত গানগুলো তুলে দিয়েছেন তিনি।’
এদিকে কুমার বিশ্বজিতের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা বলেন, ‘কুমার বিশ্বজিতের সঙ্গে কাজটা উপভোগ করেছি। গানগুলোর সুর ও সংগীত দুটোই ভালো হয়েছে।’
কুমার বিশ্বজিৎ জানান আটটি গান নিয়ে ‘বসন্তের বন্যা’ অ্যালবামটি তৈরি হচ্ছে। বাকি পাঁচটি গানের মধ্যে তিনটি গানে তাঁর সঙ্গে কন্ঠ দিচ্ছেন ন্যান্‌সি ও দুটি গানে সামিনা চৌধুরী।
অ্যালবামটির সবগুলো গানের সুর ও সংগীত করছেন কুমার বিশ্বজিৎ নিজেই। গানগুলো লিখেছেন কবির বকুল, শহিদুল্লাহ ফরাজি, পাঞ্চু ভটাচার্য, হেনা ইসলাম, ইব্রাহিম ফাতমী, জুলফিকার রাসেল ও শফিক তুহিন।