নচিকেতার সুরে রবি চৌধুরী

নচিকেতার সুরে নতুন অ্যালবাম নিয়ে আসছেন রবি চৌধুরী। অ্যালবামটির নাম তোমার অবাধ্য নয়ন। নতুন এ অ্যালবামের পাঁচটি গান লিখেছেন ও সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। বাকি পাঁচটি গান রবি চৌধুরীর নিজের লেখা ও সুর করা। অ্যালবামের ১০টি গানই গেয়েছেন তিনি। নতুন অ্যালবাম সম্পর্কে রবি চৌধুরী বলেন, ‘নচিকেতার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তাঁর সুরে ও কথায় কাজ করতে পেরে ভালো লেগেছে।’ রবি চৌধুরী জানান, বেশ কয়েক মাস আগে তিনটি ও ঈদুল ফিতরের পরে এসে বাকি দুটি গানের কাজ করে গেছেন নচিকেতা। এ সম্পর্কে মুঠোফোনে কথা হয় নচিকেতার সঙ্গে। তিনি বলেন, ‘রবি চৌধুরীর গান শুনেছি। ওর গান ভালো লাগে বলেই আমার পাঁচটি গান ওকে করতে দিয়েছি। বাকিটা বাংলাদেশের শ্রোতারা ভালো বুঝবেন।’ নচিকেতার লেখা ও সুর করা গানগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ মানেই ঢাকা, চেনা বিছানার মানুষ, অচেনা অন্তরে, বিরহীর সুর সেধেছি, ভাঙাগড়ার খেলায় মেতেছি। এরই মধ্যে অ্যালবামটির বেশির ভাগ কাজ শেষ হয়েছে। আসছে ঈদুল আজহায় রবি চৌধুরীর ৬১তম এ অ্যালবামটি বাজারে আসবে।