নজরুল জন্মোৎসবে দেড় শ শিল্পীর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ‘নজরুল পদক’ পাচ্ছেন শাহীন সামাদ ও সুমন চৌধুরী
এবার ‘নজরুল পদক’ পাচ্ছেন শাহীন সামাদ ও সুমন চৌধুরী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন ছিল গত ২৫ মে। পবিত্র রমজান মাস হওয়ায় ওই সময় এই দিনটি উদ্‌যাপন করতে পারেনি নজরুলসংগীতশিল্পী পরিষদ। জানা গেছে, এই দিনটি উপলক্ষে ৩০ জুন ও ১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘নজরুল জন্মোৎসব’ আয়োজন করেছে সংগঠনটি।

আজ বুধবার বিকেলে নজরুলসংগীতশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা জানান, এবার নজরুল জন্মোৎসবে ‘নজরুল পদক’ পাচ্ছেন বরেণ্য নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ ও সুমন চৌধুরী। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হবে। তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেবেন সংগঠনটির সভাপতি বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌসী রহমান। এর আগে আরও ১১ জনকে এই ‘নজরুল পদক’ দেওয়া হয়।

সুজিত মোস্তফা আরও জানান, প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নজরুল জন্মোৎসবের স্লোগান ‘সত্যের জয় হোক, সাম্যের জয় হোক’। ৬১টি জেলায় এই সংগঠনের শাখা আছে। এবার চাঁদপুর শাখার ২৫ জন শিল্পী উদ্বোধনী গান করবেন। দুই দিনের এ উৎসবে গান করবেন দেড় শ শিল্পী। তাঁদের মধ্যে থাকবেন দেশের জনপ্রিয় শিল্পীরাও।