নজরুলকে নিয়ে 'এবার নিজের কথা কহো'

মিলনায়তন পূর্ণ ছিল একথা বলা যাবে না। কিন্তু বসে থাকতে দেখা গেছে অনেক দর্শককে। নজরুলের গান ভালোবাসেন বলেইতো এঁরা হাজির হয়েছেন সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। শুধু গানের তৃষ্ণাই নয়, দেশের প্রখ্যাত সব নজরুলসংগীত শিল্পীর গান মুখোমুখি বসে দেখা যাবে—এও কম কি! নজরুলের ৩৯তম মৃত্যুবার্ষিকী গেছে বেশ আগে। এতদিন পর আজ রোববার সন্ধ্যায় সেই দিবসটি উদযাপন করতে ‘এবার নিজের কথা কহো’ আয়োজনটি করেছে বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা।
সংস্থাটির সাধারণ সম্পাদক ও শিল্পী খায়রুল আনাম শাকিল জানালেন, ‘মিলনায়তন খালি পাওয়া যায় না যে! সবাইতো নজরুলকে স্মরণ করতে চান।’
‘এবার নিজের কথা কহো’ অনুষ্ঠানটি শুরু হয় সমবেত গান দিয়ে। ‘জাগো অমৃত পিয়াসী’ তারপর ‘মৃত্যু নাই নাই দুঃখ’ গান দুটি শোনান সংস্থার এক ঝাঁক শিল্পী। এই গান শুরুর আগে অনুষ্ঠান সঞ্চালক মঞ্চে ডেকে নিয়েছিলেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যদের। পরিচয় করিয়ে দিলেন দর্শকদের সঙ্গে। আর তারও আগে ছিল স্বাগত বক্তব্য। খায়রুল আনাম শাকিলের পরে কথা বলেন সংস্থার সভাপতি খালিদ হোসেন।
অনুষ্ঠানটি অনন্য, কেননা একই মঞ্চে নবীন-প্রবীণ সব শিল্পীরা গান করবেন। মঞ্চের পেছনে নবীনদের ঔৎসুক্য তাঁর ক্রম জানবার।
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের এই আয়োজনের কিছু সাজসজ্জাও করা হয়েছিল। মিলনায়তনে ঢোকার মুখে কবির একটি বড় ছবি, সামনে জ্বলছিল প্রদীপ। সেখানে কবির ছবির সঙ্গেই ছবি তুলতে দেখা গেছে কয়েকজন তরুণীকে। মৃত্যুর এতকাল পরেও কবি ভক্তদের এমন করে টানেন!
নকশা করা কাগজ দিয়ে প্রদীপ ঘিরে রাখা হয়েছিল সিঁড়ির প্রতিটি ধাপে। সেসব বেয়ে ওপরে উঠলেই মিলনায়তন। সেখানেও অতিথিদের জন্য ফুল বিছানো। এই ফুলেল পথ মাড়িয়ে গানের মঞ্চ। সেই মঞ্চে একক কণ্ঠে ‘অন্তরে তুমি আছো চিরদিন’ গানটি করেন শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল ‘বসিয়া বিজনে’, লীনা তাপসী খান গেয়ে শোনান ‘কেন আসিলে ভালোবাসিলে’ গানগুলি।
এছাড়া আরও গান করেন ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, নাসিমা শাহীন ফ্যান্সি, বিজনচন্দ্র মিস্ত্রী প্রমুখ। আবৃত্তি করার জন্য তালিকায় নাম ছিল রুপা চক্রবর্তীর। শিমুল মোস্তাফাকেও দেখা গেছে অনুষ্ঠানস্থলে।