নজরুলমেলায় আজীবন সম্মাননা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তীতে শুরু হচ্ছে ‘নজরুলমেলা’। এ আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হবে ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদকে। নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন ব্যক্তিত্ব বা সংগঠনকে কিংবা একজন নজরুল সংগীতশিল্পীকে প্রতি বছর আজীবন সম্মাননা দেওয়া হয় চ্যানেল আই আয়োজিত ‘নজরুলমেলা’য়। তারই ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ৮৫ বছর বয়সী এই শিল্পী।
আগামী ২৫ মে বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠেয় ‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুলমেলা’র উদ্বোধন করবেন নজরুল বিশেষজ্ঞ, সংগীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘নজরুলমেলা সম্মাননা’ পাওয়া গুণীজনের নাম জানান নজরুলমেলার উপদেষ্টা ও নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।
মেলায় গান শোনাবেন দেশের নবীন-প্রবীণ শিল্পীরা, থাকবে নজরুলের কবিতা আবৃত্তি ও তাঁর রচনাবলি থেকে পাঠ। মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে থাকবে নজরুলের বই ও তাঁকে নিয়ে বই, চিত্রকলা, নজরুল সংগীতের রেকর্ড কাভার ও ভিডিও সিডির প্রদর্শনী। নজরুলমেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও মেলার পৃষ্ঠপোষক এবি ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত। ফরিদুর রেজা সাগর বলেন, ‘নজরুলমেলায় এবার বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। নজরুলের বহুমুখী চিন্তা দর্শকদের সামনে নতুন করে তুলে ধরার লক্ষ্যে এই মেলাকে একটু ব্যতিক্রম করে আয়োজন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী রেবেকা সুলতানা, রাহাত আরা গীতি, রওশন আরা, রওনক আরা ও শহীদ কবীর পলাশ।