নজরুলের গান নিয়ে আসছেন সিধু

সবাই জানেন, কলকাতার এ সময়ের আলোচিত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ক্যাকটাস ব্যান্ডের সদস্য সিধু সাধারণত রক ধাঁচের গান করে থাকেন। তবে এবার তিনি কাজ করছেন নজরুলসংগীত নিয়ে। নজরুলসংগীতকে আধুনিক সংগীতায়োজনে উপস্থাপন করেছেন তিনি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার মেয়ে শাওলি। অ্যালবামের নাম ক্যাফে কাজী। এরই মধ্যে কলকাতায় অ্যালবামটি প্রকাশ করেছে টাইমস মিউজিক। ঢাকা থেকে এটি প্রকাশ করবে জি সিরিজ। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলা হবে।
গত সোমবার মুঠোফোনে কথা হয় সিধুর সঙ্গে। তিনি বলেন, ‘আমি তো অনেক দিন গান করছি। এবারই প্রথম বাংলাদেশে আসছি। আমার বাবা পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে। বুঝতেই পারছেন বাংলাদেশের সঙ্গে আমার শেকড়ের সম্পর্ক।’
ক্যাফে কাজী অ্যালবামের সংগীতায়োজন করেছেন সিধু। তিনি বলেন, ‘আমাদের এখানে রবীন্দ্রসংগীত এবং লোকগানের সংগীতায়োজন নিয়ে এখন নানা ধরনের নিরীক্ষা হচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের বাদ্যযন্ত্রের মেলবন্ধন ঘটানো হচ্ছে। তাতে গানগুলো এখন অন্য মাত্রা পাচ্ছে। গানগুলো শোনার ব্যাপারে নতুন প্রজন্ম আরও বেশি আগ্রহী হচ্ছে। নজরুলসংগীতের ব্যাপারেও আমরা তেমনি উদ্যোগ নিয়েছি।’
অ্যালবামে গান রয়েছে ছয়টি। সিধু বলেন, ‘গানগুলোর বাণী ও সুরের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি।’
অ্যালবাম তৈরির পর সিধু ও শাওলি কথা বলেছেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজীর সঙ্গে। অনিন্দিতা কাজী গানগুলো শুনেছেন। তাঁর পরামর্শেই অ্যালবামটি বাংলাদেশ থেকেও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসব বললেন সিধু।
ঢাকা সফরে এসে আগামী শনিবার দুপুরে একাত্তর টিভিতে এবং বিকেলে এবিসি রেডিওতে থাকছে সিধুর গান ও সাক্ষাত্কার।