নজরুলের গান নিয়ে শাফিনের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাফিন আহমেদ
শাফিন আহমেদ

মাস খানেক আগে প্রথম আলোকে জানিয়েছিলেন, মা ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রোতাদের জন্য নজরুলসংগীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে চান শাফিন আহমেদ। এক মাস পর জানা গেল, তিনি অ্যালবামটির কাজ শেষও করে ফেলেছেন। নজরুলসংগীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে যাচ্ছেন তিনি। মনে পড়ে আজ নামের অ্যালবামটি প্রকাশ করছে ইমপ্রেস অডিও ভিশন।
মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শাফিন আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে যাওয়ার আগে প্রথম আলোকে বলেন, ‘এর আগে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেছি। তা ছাড়া অনেক দিন ধরে ইচ্ছাও ছিল একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের। কিন্তু নানা ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারছিলাম না। এবার সময় ও সুযোগ দুটো মিলে যাওয়ায় কাজটি করে ফেললাম।’
শাফিন আহমেদ বলেন, ‘এই অ্যালবামটি মূলত মায়ের প্রতি শ্রদ্ধা জানানো। তাঁরই গাওয়া কিছু কালজয়ী গান থেকে বাছাই করে সাতটি গান দিয়ে এটি সাজানো হয়েছে। সব কটি গানের সুর করেছেন আমার বাবা কমল দাশগুপ্ত। বাবার সুর করা আর মায়ের গাওয়া জাতীয় কবি কাজী নজরুলের লেখা গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে তুলে আনতে পেরে ভালো লাগার ব্যাপারটিও কাজ করছে বেশি।’
মনে পড়ে আজ অ্যালবামের গানগুলো সিডির পাশাপাশি শ্রোতারা জিপি মিউজিক থেকেও শুনতে পারবেন।