
১১ জ্যৈষ্ঠ (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী৷ দিনটিকে উপলক্ষ করে নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে নজরুলের ১২৫টি গান এবং ১০০ কবিতার রেকর্ড প্রকাশ করা হচ্ছে৷ এই গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রখ্যাত সুরকার সুজেয় শ্যাম৷
কাজটি বড়। কাজটি করতে গিয়ে আনন্দ পেয়েছেন সুজেয় শ্যাম। কথার শুরুতেই তিনি বিশেষ ধন্যবাদ জানালেন প্রয়াত শিল্পী সুধীন দাশ ও সোহরাব হোসেনকে। বললেন, নজরুলের সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে এই দুজন অক্লান্ত পরিশ্রম করেছিলেন।
নজরুলের গান ও জীবনদর্শন দারুণ প্রভাবিত করে সুজেয় শ্যামকে৷ ‘নজরুলের গান নিয়ে নানা জনে রয়েছে নানা মত৷ কিন্তু নজরুল যেমন একদিকে শ্যামা সংগীত রচনা করেছেন, তেমনি তাঁর ইসলামিক গানগুলোও অসাধারণ৷ আসলে তিনি ছিলেন সকল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে।’ বলছিলেন সুজেয় শ্যাম৷ কত যে বৈচিত্র্য নজরুলের গানে! জানালেন, নজরুলেন গানের মতো এত বৈচিত্র্য খুব কম গীতিকারের গানেই খুঁজে পান তিনি৷ গানের কথাগুলো গভীরভাবে নাড়া দেয় মন৷

‘আমি ভেবে পাই না, একজন মানুষের পক্ষে এত বিচিত্র পথে কী করে চলা সম্ভব!’
কাউকে ছোট না করেই তিনি বললেন, ‘আমাদের এখানে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বা তাঁর সংগীত নিয়ে সারা বছরই চর্চা হচ্ছে। কিন্তু অবহেলিত থেকে যাচ্ছেন নজরুল৷ এর কারণ হলো, নজরুলের গানের সমঝদার বা পৃষ্ঠপোষক অনেক কম৷’
নজরুলের সুর নিয়ে যে নানা বিতর্ক আছে, সে কথা মনে করিয়ে দেওয়া হলো সুরকারকে। তিনি একটু ভেবে বললেন, ‘নজরুলের সৃষ্টি নিয়ে অবহেলার এটাও একটা বড় কারণ। নজরুলের অনেক গানই এখনো শুদ্ধ সুরে গাওয়া হয় না৷ সুধীন দাশ, সোহরাব হোসেনরা নজরুলের অধীনে করা পুরোনো রেকর্ড থেকে যে সুরগুলো বের করেছিলেন, সেগুলোকেই শুদ্ধ সুরের নজরুলসংগীত বলে ধরে নেওয়া হয়৷ অন্য রেকর্ডের গানগুলো শুদ্ধ নজরুলসংগীত নয় বলে অনেকেরই অভিমত রয়েছে৷ এই দ্বিধা-দ্বন্দ্বের কারণে সর্বস্তরে নজরুলসংগীত পৌঁছায়নি।’
তবে অভয় দিলেন সুজেয় শ্যাম। বললেন, ‘নজরুল যে মানবতা বা জীবনবোধের কথা বলে গেছেন, তা যদি সবার মননে পৌঁছে দেওয়া যেত, তাহলে মানুষের মধ্যে এত অস্থিরতা, এত সহিংসতা দেখা যেত না। নজরুলের যে মানবতা, তার প্রতি শ্রদ্ধাশীল হলে এড়ানো যেত এসব।’
শুরুর প্রসঙ্গে ফিরে যাওয়া হলো আবার। নজরুল ইনস্টিটিউটের এই কাজের সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন তিনি৷ নজরুলের পুরোনো রেকর্ড থেকে নেওয়া সুরে রেকর্ড করা হয় এই ১২৫টি গান৷ এই রেকর্ডের কাজ শুরু হয়েছিল এই বছরের ২১ জানুয়ারি৷ কাজ শেষ হয় মার্চের ২৮ তারিখে৷ শ্যামা সংগীত, ইসলামিক গানের পাশাপাশি দেশাত্মবোধ ও প্রেমের গানও থাকছে এই রেকর্ডে৷ প্রায় ৭০ জনের মতো শিল্পী অংশ নেন এই আয়োজনে৷ এখানে খালিদ হোসেন, শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল, ডালিয়া নওশীনের মতো স্বনামধন্য অনেক নজরুলসংগীতশিল্পী তো ছিলেনই; পাশাপাশি এই প্রজন্মের শিল্পী স্বরলিপি, ছন্দা চক্রবর্তীর গানও থাকছে এই আয়োজনে।
নজরুলের গান মানুষের মনে শান্তি আনবে, মানুষকে আরও মানবিক করে তুলবে—এ বিশ্বাস সুজেয় শ্যামের।