নতুন অ্যালবাম বাড়ি বাড়ি পৌঁছে দেবে আর্বোভাইরাস

নতুন অ্যালবাম এসেছে ব্যান্ড আর্বোভাইরাসের, নাম বিশেষ দ্রষ্টব্য। বর্তমান ধারার সঙ্গে তাল মিলিয়েই গানের দলটি আপাতত অনলাইনে তাদের গানগুলো প্রকাশ করেছে। পাওয়া যাচ্ছে ইউটিউবে ব্যান্ডটির নিজস্ব চ্যানেল ও মিউজিক অ্যাপ ‘গান’-এ। গত শুক্রবার এ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে এ ঘোষণা দেয় দলটি। দলটির ইচ্ছা ছিল কনসার্টে উপস্থিত শ্রোতাদের হাতে সেদিনই গানের সিডি তুলে দেওয়ার। কিন্তু কিছু জটিলতার কারণে সেদিন তা আর করা যায়নি। তাই দলটি হলভর্তি দর্শক-শ্রোতাদের ফোন নম্বর ও ঠিকানা লিখে রেখে দেয়। সেই সঙ্গে আর্বোভাইরাস তাদের জানিয়ে দেয়, নতুন অ্যালবামের সিডি হাতে এলেই তা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য আর্বোভাইরাস ব্যান্ডের তৃতীয় অ্যালবাম। এর আগে দলটি ২০১৩ সালে মন্তব্য নিষ্প্রয়োজন অ্যালবামটিও প্রকাশ করেছিল অনলাইনে। তাই ১৩ জানুয়ারির কনসার্টে দুটি অ্যালবামই সিডি আকারে দর্শক-শ্রোতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল দলটির।
১৫-২০ দিনের মধ্যেই আর্বোভাইরাসের শ্রোতারা সিডি আকারে নতুন অ্যালবাম হাতে পাবেন। দলটির ভোকাল সুফি বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল কনসার্টেই সিডি দেওয়ার। কিন্তু সিডি প্রোডাকশন সময়মতো শেষ করা যায়নি, তাই যাঁরা অগ্রিম সিডির অর্ডার করেছিলেন এবং কনসার্টের টিকিট কেটেছিলেন, তাঁদের ফোন নম্বর ও ঠিকানা রেখে দিয়েছি। হোম ডেলিভারির মাধ্যমে সিডিসহ একটি গিফট বক্স তাঁদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।’
আর্বোভাইরাসের প্রথম অ্যালবাম ৬৪ মিনিট ৫৩ সেকেন্ড মুক্তি পায় ২০০৬ সালে। এ ছাড়া হাইব্রিড রক ঘরানার এই ব্যান্ডটির গান বিভিন্ন সময়ে বিভিন্ন মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে। ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছেন সুফি (ভোকাল), আদনান (বেজ গিটার), রঞ্জন, সুহার্তো, ফাসিহ (গিটার), নাফিজ (ড্রামস), জাকির (সাউন্ড ইঞ্জিনিয়ার), অর্ণব (গিটার টেকনিশিয়ান)।