নতুন অ্যালবামে ন্যান্সির নতুন আশা

অ্যালবাম প্রকাশের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে! কিছুদিন আগেও শিল্পীদের বেলায় এমনটা হয়নি। অথচ এবারে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকই আগ্রহ নিয়ে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির নতুন একক অ্যালবাম প্রকাশ করতে এগিয়ে এসেছে। এ নিয়ে ন্যান্সি বেশ উচ্ছ্বসিত। ঈদ উপলক্ষে প্রকাশিত হবে নতুন অ্যালবামটি। এটি তাঁর চতুর্থ একক অ্যালবাম। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, আমার তৃতীয় একক অ্যালবামটি তৈরির পর ভালোভাবেই টের পেয়েছিলাম শিল্পীদের অ্যালবাম প্রকাশে সবখানেই একধরনের অনীহার বিষয় কাজ করছে। একটা পর্যায়ে তো মনেই হয়েছিল যে, আর বুঝি গান গাওয়াই সম্ভব হবে না। কিন্তু এখন সে ধারণার পুরোপুরি পরিবর্তন ঘটেছে। নতুন অ্যালবাম নতুন করে আশা জাগাচ্ছে ন্যান্সির।
ন্যান্সির নতুন অ্যালবামটির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। নাম এখনো ঠিক না হলেও অ্যালবামের চারটি গানের সুর ও সংগীতের কাজ শেষ। বাকি চারটি গানের কাজও কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সপ্তাহ খানেকের মধ্যে এই গানগুলোতে কণ্ঠ দেবেন ন্যান্সি। সে হিসেবে বলা যায়, বছর খানেকের ব্যবধানে আবারও আসছে তাঁর নতুন গানের অ্যালবাম। ময়মনসিংহ থেকে মোবাইল ফোনে এমনটাই জানালেন ন্যান্সি।
ন্যান্সির এ অ্যালবামের সবগুলো গানের কথা লিখছেন আহমেদ রিজভী। আর সংগীতপরিচালক হিসেবে কাজ করছেন শওকত আলী ইমন, নাজির মাহমুদ, শফিক তুহিন প্রমুখ। এর আগে ‘ভালোবাসা অধরা’ (২০০৯), ‘রঙ’ (২০১২) এবং ‘দুষ্টু ছেলে’ (২০১৫) নামের তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে ন্যান্সি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, গানের বাজারের ক্ষেত্রে বড় একটা পরিবর্তন শুরু হয়ে গেছে। যা কিছুদিন আগেও কল্পনা করা যেত না। কিছুদিন আগেও অ্যালবাম তৈরি করে শিল্পীরাই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ধরনা দিতেন। আমার ক্ষেত্রেও তা হয়েছে। তবে, এবারে আমার নতুন অ্যালবামটি কিন্তু পুরোটাই প্রযোজনা প্রতিষ্ঠানের আগ্রহে করতে হচ্ছে। প্রতিষ্ঠানই আমাকে তাগাদা দিচ্ছে দ্রুত অ্যালবামটির কাজ শেষ করতে। তারপর কয়েক দফা আলোচনা শেষে ব্যাটে বলে সবকিছু মিলে যাওয়াতে কাজটি করতে রাজি হয়েছি।’
প্রযোজনা প্রতিষ্ঠানের এভাবে অ্যালবাম প্রকাশের আগ্রহকে শিল্পীদের জন্য বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন ন্যান্সি। বললেন, ‘নতুন অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মান আর সম্মানী দুটোই আমি পেয়েছি। গান গাওয়ার ক্ষেত্রে আমি অনুপ্রেরণা, নতুন প্রাণশক্তি ফিরে পাচ্ছি। আমার আশাবাদ, শুধু আমার ক্ষেত্রে নয়, সকল শিল্পীর ক্ষেত্রে এমনটা ঘটবে।’
ন্যান্সি আরও বলেন, ‘গানের বহুমাত্রিক ব্যবসার দরজা প্রসারিত হওয়াতে হয়তো এমনটা সম্ভব হচ্ছে। সব মিলিয়ে আমি বলতে পারি, অডিও ইন্ডাস্ট্রির সুবাতাস শুরু হয়ে গেছে।’
নতুন অ্যালবামের গানগুলো কেমন হবে জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘শুরুতে নতুন অ্যালবামের গানগুলোতে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। সাউন্ডটেক কর্তৃপক্ষকে আমার এই ভাবনার কথা জানাই। কিন্তু তাঁরা আমার স্টাইলটাকে প্রাধান্য দিতে চাচ্ছেন। তাঁরা চাইছেন, বাংলা গানের শ্রোতারা আমাকে যেভাবে দেখে অভ্যস্ত সেভাবেই তাঁরা আমাকে উপস্থাপন করতে চাইছেন। পরে তাঁদের সঙ্গে আমিও একমত হয়েছি।’