নতুন কণ্ঠে পুরোনো গান

‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ নব্বইয়ের দশকে দ্বৈতকণ্ঠে গাওয়া ভালোবাসি তোমাকে ছবির এ গানটির কথা মনে আছে? খালিদ হাসান মিলু ও কনকচাঁপার গাওয়া এ গানটি আজও সমান জনপ্রিয়। সম্প্রতি শ্রোতাপ্রিয় এ গানটি আবারও নতুন করে ধারণ করা হয়েছে। নিয়তি ছবির জন্য নতুন করে এ গানটি গেয়েছেন এই প্রজন্মের দুই সংগীতশিল্পী ন্যান্সি ও ইমরান মাহমুদুল।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতের এই গানটির মূল সুর ঠিক রেখে আবারও নতুন করে গানটির জন্য সংগীতায়োজন করা হয়েছে। গানটির জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতকার স্যাভি।
‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটিতে নতুন করে কণ্ঠ দেওয়ার সুযোগ পাওয়াতে ন্যান্সি ও ইমরান দুজনই খুব খুশি।
এ প্রসঙ্গে ন্যান্সি বলেছেন, ‘গানটি সব সময়ই জনপ্রিয়। নতুন করে গাওয়ার সময়ও স্পষ্ট করে বুঝেছি গানটি কত জনপ্রিয়!’
ন্যান্সি আরও বলেন, ‘গানটি রেকর্ডিংয়ের সময় স্যাভি অবশ্য আমার মতো করেই গাইতে বলেছিলেন। কিন্তু কোনোভাবেই মিলু ভাই ও কনক আপার অসাধারণ সেই গায়কি থেকে বের হতে পারিনি। পরে হুবহু তাঁদের মতো করেই গানটি গেয়েছি।’ তিনি বলেন, জনপ্রিয় এই গানটির আরও বেশি দিন বেঁচে থাকার সুযোগ হলো।
এ ব্যাপারে রোমাঞ্চকর অনুভূতির কথা জানিয়েছেন গায়ক ইমরান।
ইমরান বলেছেন, ‘গানটি খুবই জনপ্রিয়। এই গানটি গাইতে পেরে আমি খুবই খুশি হয়েছি। আর ছবিটিও যৌথ প্রযোজনার। তাই কলকাতার শ্রোতাদের কাছেও জনপ্রিয় এই গানটিতে নতুন করে আমাদের কণ্ঠ বাজবে।’