নতুন করে আবদুল আলীমের গান

বাংলার মানুষের প্রিয় লোকগান ‘আল্লাহু আল্লাহু’ নতুন করে গেয়েছেন এই প্রজন্মের গায়ক বেলাল খান। তৈরি হয়েছে গানটির ভিডিও। গত রোববার রাতে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বাংলা লোকগানের কিংবদন্তি আবদুল আলীমের জনপ্রিয় এই গানটি নতুন করে তরুণদের কাছে উপস্থাপনের ব্যাপারে জানালেন বেলাল। তিনি বলেন, ‘মাটি ও মানুষের গান এটি। এর বাণী আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। অনেকবার গানটি নতুন করে গাইবার কথা ভেবেছি। কিছুদিন আগে যখন বন্ধু ইমনের সঙ্গে আমার ভাবনাটা শেয়ার করলাম, তখন সে বলল দারুণ হবে তো। তারপর দুজনে মিলে চেষ্টা শুরু করলাম। আমরা আমাদের জায়গা থেকে সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি।’
এম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত বেলালের গাওয়া ‘আল্লাহু আল্লাহু’ গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন। এটি এই দুজনের দ্বিতীয় প্রয়াস। এর আগে ইমনের সুর ও সংগীতে ‘দোজখ’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বেলাল খান। গানটি বেলালের আর একটিবার অ্যালবামে স্থান পেয়েছে।