নতুন করে নাটকের গানে হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদয় খান
হৃদয় খান

অডিও আর চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত থাকেন হৃদয় খান। সংগীতের ক্যারিয়ারে বছর তিনেক আগে প্রতিশোধ নামের একটি নাটকের জন্য গান করেছিলেন হৃদয়। ওটাই ছিল তাঁর প্রথম নাটকের গান করা। হৃদয়ের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সন্দীপন। তিন বছর পর আবারও নাটকের গান করলেন হৃদয়। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের পরিচালনায় নাটকটির নাম দোস্ত দুশমন। জনি হকের লেখা গানটিতে সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন হৃদয়। এতে তাঁর সঙ্গে আরও গেয়েছেন সুজন আরিফ ও সামি। সম্প্রতি হৃদয় খানের মিরপুরের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘দোস্ত দুশমন নাটকের পরিচালকের একটি ছবির গান করার ব্যাপারে কথা হচ্ছিল। এরই মাঝে তিনি তাঁর নাটকটির ব্যাপারে কথা বলেন। বন্ধুদের নিয়ে নাটকটির গল্প। আমি সাধারণত রোমান্টিক গান নিয়ে বেশি কাজ করেছি। বন্ধুদের নিয়ে এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি। নাটকটির বিষয়বস্তু শোনার পর আমার নিজের আগ্রহ হয় গানটি করার। আশা করছি, গানটি বন্ধুমহলে ভালো লাগার জন্ম দেবে।’

হৃদয় খানের সর্বশেষ একক অ্যালবাম ‘ভালো লাগে না’। এরপর কিছু মিশ্র অ্যালবামের কাজ করলেও একক অ্যালবাম নিয়ে আপাতত কিছু ভাবছেন না। এরই মধ্যে অবশ্য চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত সময় কাটছে বলেই জানিয়েছেন হৃদয়। কাজ শেষ করেছেন ওয়াজেদ আলী সুমনের সুইটহার্ট এবং এস এ হক অলিকের এক পৃথিবী প্রেম ছবির গান। বললেন, ‘দুটি ছবির গান দুই ধরনের। এক পৃথিবী প্রেম ছবিতে অবশ্য যে ধরনের গান করেছি, এ ধরনের গান শ্রোতারা আগে কখনো পাননি। শ্রোতারা আমার কাছ থেকে নতুন কিছু পেতে যাচ্ছেন বলেই মনে করছি।’