নতুন করে 'রমজানের ঐ রোজার শেষে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানের রেকর্ডিং শেষে শিল্পীরা
‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানের রেকর্ডিং শেষে শিল্পীরা

‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ এবার ঈদে আমাকে একটি নতুন গান করার প্রস্তাব করে। আমার মনে হয়েছে, কাজী নজরুল ইসলামের যে গানটি আছে, এর বাণী চিরন্তন। নতুন গানের কোনো দরকার নেই। তাই তাদের পাল্টা বলি, যে গানটি আছে, সেটিকেই তো আমরা নতুনভাবে উপস্থাপন করতে পারি। কর্তৃপক্ষও আমার প্রস্তাবে রাজি হয়। এরপরই গানটির নতুন সংগীতায়োজন নিয়ে কাজ শুরু করি।’ ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি নিয়ে এভাবেই বলছিলেন সংগীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমন। তিনি এই গানের নতুন সংগীতায়োজন করেছেন। ১২ জন শিল্পী গেয়েছেন গানটি।
গত শনিবার রাতে রাজধানীর মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন এক ডজন শিল্পী। নতুন সংগীতায়োজনের এই গানে যেসব শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁরা হলেন এস আই টুটুল, আঁখি আলমগীর, দিনাত জাহান, কনা, কোনাল, ইমরান, সালমা, সাব্বির, রাজীব, কর্নিয়া, রাফাত এবং ইমন নিজে। ঈদের অনুষ্ঠান নিয়ে এখন শিল্পীরা অনেক ব্যস্ত সময় পার করছেন। এই ব্যস্ততার মধ্যেও যেসব শিল্পী একসঙ্গে সময় দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইমন বলেন, ‘এই গানে যাঁরা কণ্ঠ দিয়েছেন, তাঁরা সবাই এ সময়ের ব্যস্ত শিল্পী। সবাই আমার ডাকে এভাবে সাড়া দিয়েছেন বলে তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই এত চমৎকার গেয়েছেন, মুগ্ধ না হয়ে পারিনি।’