
গানের মানুষ জন কবির। বছরের বিশেষ দিনগুলোতে মাঝেমধ্যেই ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। ঈদুল আজহায় তাঁর অভিনীত বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। পেয়েছে বেশ প্রশংসাও। ঈদের নাটক ও তাঁর সংগীত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই সংগীতশিল্পী ও অভিনেতা।
এই ঈদে আপনার কয়টি নাটক ছিল?
পাঁচটি নাটকে অভিনয় করেছি। নাটকগুলো হলো অ্যান্টি ক্লক, মিসম্যাচ, আমরা ফিরব কবে, ক্যাফে ৯৯৯ ও আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই।
সাড়া কেমন পেলেন?
ভালো। বাংলাদেশের বেশির ভাগ নাটকেই একজন নায়ক, একজন নায়িকা থাকে; শেষে মিলন হয়। ঈদের এই কাজগুলোতে আমার কোনো নায়িকা ছিল না। একটু ভিন্ন ধরনের গল্প ছিল। আর আমি ভ্যালেন্টাইন ডে ছাড়া অন্য সময়ের জন্য এ ধরনের কাজই করি। এটি মোটামুটি দর্শকের জানা। আমিও এ ধরনের কাজ করতে ভালোবাসি।
আপনার পছন্দের কাজ কোনটি?
সবই। পছন্দ হলেই আমি কাজ নিই। গল্প বুঝে, হাতের সময় দেখে তারপর কাজ করি।
গানের পাশাপাশি অভিনয় করছেন অনেক দিন। অভিনয়কে গানের মতোই ভালোবাসেন?
ভালোবাসা না থাকলে তো অভিনয় করা হতো না। তবে মজার ব্যাপার হলো, প্রথম দিকে নাটকের কাজ দেখে নিজের কাজে কষ্ট লাগত, অভিনয় দেখে বিরক্তিও ছিল। ভাবতাম, এত কষ্ট করে কীভাবে নাটকে অভিনয় করে সবাই! পরে কাজ করতে গিয়ে দেখলাম, সহশিল্পীদের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখনো শিখছি। তাই ভালো গল্প, সময়—দুটি মিলে গেলে কাজ করি।
ঈদের দিনটা কীভাবে কাটালেন?
এবার একা একা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। সারা মাস কাজ করার পর নিজেকে একটু রিসেট করার জন্যই যাওয়া। ঈদের আগের দিন রাতে গিয়েছিলাম, ঈদের পরের দিন ফিরেছি। নতুন গানের কিছু পরিকল্পনা মাথায় নিয়ে ফিরেছি।
গানের খবর কী?
আমাদের ব্যান্ড ‘ইন্ডালো’ থেকে সিঙ্গেল ট্র্যাকের একটি ভিডিও করতে যাচ্ছি। গানের শিরোনাম ‘ছবি’। ১৯ সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা আছে। তানিম রহমান অংশু পরিচালনা করবেন ভিডিওটি। গানটির সুর ও সংগীত ইন্ডালো ব্যান্ডের, কণ্ঠ আমার।
ব্যান্ডের নতুন অ্যালবাম কবে আসবে?
২০১৫ সালের শেষের দিকে ১৩টি গান নিয়ে কখন কীভাবে এখানে কে জানে অ্যালবামটি বেরিয়েছিল। এরপর ইন্ডালো থেকে আর কোনো অ্যালবাম আসেনি। ‘ছবি’ গানটির ভিডিও শেষ হলে নতুন অ্যালবামের কাজ ধরব। এটিতে ১০টি গান থাকবে। ডিজিটাল ও সিডি—দুই মাধ্যমেই অ্যালবামটি বের করার ইচ্ছা আছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন