নতুন গানের ভিডিও নিয়ে ফিরলেন হাবিব

লম্বা সফর শেষে দেশে ফিরলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গে নিয়ে এলেন নতুন খবর। বললেন, এবার দেশের বাইরে সফরে যাওয়ার একটি বিশেষ কারণ ছিল তাঁর। তা হলো, নতুন গানের ভিডিও নির্মাণ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর কানাডায় বিভিন্ন কাজের পাশাপাশি হাবিব তাঁর নতুন গান ‘তোমার আকাশ’-এর ভিডিও ধারণ করলেন। এর শুটিং হাবিব করেছেন কানাডার টরন্টো শহরের বিভিন্ন স্থানে।
হাবিবের সঙ্গে এই গানের ভিডিওতে দেখা যাবে এক নতুন মডেলকে। কানাডাপ্রবাসী সেই মডেলের নাম ফারিয়া নুজহাত। ভিডিওচিত্রটি পরিচালনাও করেছেন সেখানে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করা এক বাংলাদেশি, নাম নাফিস রশিদ। হাবিব বললেন, ভিডিও নির্মাতা ও মডেল দুজনের সঙ্গেই তাঁর ফেসবুকে যোগাযোগ।
নতুন গানের ভিডিও প্রকাশের সময় এখনো নির্ধারণ করেননি হাবিব। বলেছেন, ‘এখনো নিশ্চিত নই। ভাবছি কবে নাগাদ নতুন গানের ভিডিও প্রকাশ করা যায়। আপাতত ভিডিওটি আছে সম্পাদনার টেবিলে।’ ‘তোমার আকাশ’ নিয়ে হাবিব বলেন, ‘একেবারে প্রেমের গান এটি। তাই ভিডিওতে সেভাবেই একে তুলে ধরেছি আমরা। কানাডায় তীব্র শীতে ভিডিওটির শুটিং করতে গিয়ে বেশ অন্য রকম অভিজ্ঞতা হয়েছে আমার।’ হাবিবের জন্য নতুন এই গানটি লিখেছেন ফৌজিয়া সুলতানা।
এ বছরের এপ্রিল মাসে ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ নামে একটি গানের ভিডিও প্রকাশ করেন হাবিব ওয়াহিদ। সে সময় থেকেই তাঁর গানের ভিডিও নিয়ে শুরু হয় আলোচনা। সে আলোচনায় ভাটা না পড়তেই ‘মন ঘুমায় রে’ নামে আরেকটি গানের ভিডিও প্রকাশ করেন তিনি। এবার অপেক্ষা ‘তোমার আকাশ’ গানের ভিডিওর।