নতুন ছবির আবহ সংগীতে চিরকুট

চিরকুট ব্যান্ড নতুন আরেকটি চলচ্চিত্রের আবহ সংগীতের কাজ শুরু করেছে। ছবির নাম পদ্মপাতার জল। পরিচালক তন্ময় তানসেন।
চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমী জানালেন, কোনো ধরনের লুপ ব্যবহার না করে অরিজিন্যাল সাউন্ডট্র্যাকটাই বাজাবেন তাঁরা। বললেন, ‘পুরোপুরি অ্যাকুয়াস্টিক। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও আমাদের কাছ থেকে লাইভের ফিলটা চেয়েছেন। আমাদের প্রস্তুতিও সেভাবে চলছে।’
আবহ সংগীতের কাজটা কেমন জানতে চাইলে সুমী বলেন, ‘কাজটা করতে কষ্টও অনেক। একই সঙ্গে সন্তুষ্টির জায়গাটাও অনেক বেশি। আমরা প্রথম জালালের গল্প ছবির আবহ সংগীতের কাজ করি। ছবিটি অবশ্য পুরোপুরি বাণিজ্যিক ছিল না। তবে দেশের বাইরে বিভিন্ন উৎসবে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। এবারের ছবি পদ্মপাতার জল পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের।’
সুমী এ–ও বলেন, ‘আমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদের ভাঙার চেষ্টা করি। চলচ্চিত্র অনেক বড় ক্যানভাস। তাই চ্যালেঞ্জ ও পরিশ্রমটা অনেক বেশি। এ ধরনের কাজে আমরাই আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী। একটা দৃশ্যকে মিউজিকের মাধ্যমে ফুটিয়ে তোলা কিন্তু সত্যিই অনেক বড় চ্যালেঞ্জ। আমরা যথাযথভাবে কাজটি করার চেষ্টা করছি। চিরকুটের সব সদস্য ঝাঁপিয়ে পড়েছি বলতে পারেন।’
এদিকে পদ্মপাতার জল ছবিতে আবহ সংগীতের কাজ ছাড়া একটি গানও করেছে চিরকুট। এ গানটি নিয়েও তারা আশাবাদী।