নতুন ছবির আবহসংগীতে চিরকুট

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। নিজেদের অ্যালবামের পাশাপাশি গাইছে চলচ্চিত্রের গানও। কয়েক মাস আগে একটি চলচ্চিত্রের আবহসংগীতের কাজ করেছে চিরকুট। এবার ব্যান্ডটি নতুন আরেকটি চলচ্চিত্রের আবহসংগীতের কাজ শুরু করেছে। ছবির নাম ‘পদ্মপাতার জল’। পরিচালক তন্ময় তানসেন।
আবহসংগীতের কাজ প্রসঙ্গে কথা হয় চিরকুট ব্যান্ডের অন্যতম সদস্য সুমীর সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি বললেন, ‘কোনো ধরনের লুপ ব্যবহার না করে অরিজিন্যাল সাউন্ডট্র্যাকটা আমরা বাজাব। পুরোপুরি অ্যাকুস্টিক। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও আমাদের কাছ থেকে লাইভের ফিলটা চেয়েছেন। আমাদের প্রস্তুতিও সেভাবে চলছে।’
আবহসংগীতের কাজটা কেমন জানতে চাইলে সুমী বলেন, ‘কাজটা করতে কষ্টও অনেক। একই সঙ্গে সন্তুষ্টির জায়গাটাও অনেক বেশি। আমরা প্রথম ‘‘জালালের গল্প’’ ছবির আবগসংগীতের কাজ করি। ছবিটি অবশ্য পুরোপুরি বাণিজ্যিক ছিল না। তবে দেশের বাইরের বিভিন্ন উৎসবে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। এবারের ছবি ‘‘পদ্মপাতার জল’’ পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের।’
সুমী এও বলেন, ‘আমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদের ভাঙার চেষ্টা করি। ছবির কাজ, অনেক বড় ক্যানভাস। তাই চ্যালেঞ্জ ও পরিশ্রমটা অনেক বেশি। এই ধরনের কাজে আমরাই আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী। একটা দৃশ্যকে মিউজিকের মাধ্যমে ফুটিয়ে তোলা কিন্তু সত্যিই অনেক বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারটি যাতে যথাযথভাবে হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। চিরকুটের সব সদস্য ঝাঁপিয়ে পড়েছি বলতে পারেন। মূলত, বেশির ভাগ কাজই করতে হবে ইমন আর পাভেলকে।’
এদিকে ‘পদ্মপাতার জল’ ছবিতে আহসংগীতের কাজ ছাড়া একটি গানও করেছে চিরকুট। মুজরা ধাঁচের এই গানটি নিয়েও চিরকুট দারুণ আশাবাদী। এ ছাড়া চিরকুট গান করেছে ‘আয়নাকাহিনি’ ও ‘আইসক্রিম’ ছবিতে।