নতুন পরিচয়ে জুয়েল

সংগীতশিল্পী হিসেবেই হাসান আবিদুর রেজা জুয়েল সবার কাছে বেশি পরিচিতি। শখের বশে যে তিনি ছবিও তোলেন তা অনেকেরই অজানা। এবার আনুষ্ঠানিকভাবে তাঁর সেই পরিচয় সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। গুলশানের বে’জ গ্যালারিতে কাল শনিবার সন্ধ্যায় শুরু হচ্ছে সংগীতশিল্পী জুয়েলের একক চিত্র প্রদর্শনী। চার দিনের এই প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ে তোলা ছবি থেকে নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হবে।
এ প্রসঙ্গে জুয়েল বলেন, ‘গান ও ভ্রমণের কারণে নানান দেশে যাওয়া হয়েছে। গত আট-দশ বছর কোনো দেশে গেলেই ছবি তুলতাম। এখনো তা অব্যাহত আছে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করার। তাই এমন আয়োজন।’
ছবি তোলার বিষয়বস্তু কী জানতে চাইলে জুয়েল বলেন, ‘আমি তো পেশাদার ফটোগ্রাফার নই। যখন যেখানে যাই সেখানকার ছবি এবং তার আশপাশের ভালো লাগার দৃশ্যগুলো ফ্রেমে বন্দী করি। আমার চারপাশই আমার ছবির বিষয়বস্তু।’
এদিকে কাল রাত থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে জুয়েলের ওয়েবসাইট। www.harjewel.me নামের এই ওয়েবসাইটে বিভিন্ন সময়ে গাওয়া শিল্পীর সব গান, গানের ভিডিও, ছবি এবং নানা ধরনের তথ্য থাকবে।
ওয়েবসাইট চালু প্রসঙ্গে জুয়েল বলেন, ‘বেশ কিছুদিন ধরে ভক্ত-শ্রোতাদের একটা চাওয়া ছিল, আমার যেন একটি ওয়েবসাইট চালু করি। আর এই ওয়েবসাইটে আমার নতুন-পুরোনো সব গান, গানের ভিডিওসহ সব ধরনের তথ্য দেওয়া থাকবে। আপকামিং নানা ইভেন্ট সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। সব মিলিয়ে আমিও ভাবলাম, ব্যাপারটি কিন্তু মন্দ হয় না। সবকিছু চিন্তা করে ওয়েবসাইট তৈরির কাজ শুরু করি। কাল থেকে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পুরোনো সব গানের পাশাপাশি ওয়েবসাইট চালুর প্রথম দিন শ্রোতাদের জন্য একটি নতুন গান এবং এটির ভিডিও উপহার হিসেবে রাখছি। শ্রোতারা চাইলে গানটি শুনতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন।’