নতুন পরিচয়ে জুয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান আবিদুর রেজা জুয়েল
হাসান আবিদুর রেজা জুয়েল

সংগীতশিল্পী হিসেবেই হাসান আবিদুর রেজা জুয়েল পরিচিত। শখের বশে যে তিনি ছবিও তোলেন, তা ছিল অনেকেরই অজানা। এবার আনুষ্ঠানিকভাবে তাঁর সেই পরিচয় সবার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। গুলশানের বে’জ গ্যালারিয়া ভবনে গতকাল সন্ধ্যায় উদ্বোধন হয়েছে সংগীতশিল্পী জুয়েলের একক চিত্র প্রদর্শনী। চার দিনের এই প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ে তোলা ছবি থেকে নির্বাচিত ছবিগুলো প্রদর্শিত হবে।
জুয়েল বলেন, ‘গান ও ভ্রমণের কারণে নানান দেশে যাওয়া হয়েছে। গত আট-দশ বছর কোনো দেশে গেলেই ছবি তোলার কাজটি করতাম। এখনো তা অব্যাহত আছে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনী করার। তাই এমন আয়োজন।’
ছবি তোলার বিষয়বস্তু কী, তা জানতে চাইলে জুয়েল বলেন, ‘আমি তো পেশাদার ফটোগ্রাফার নই। যখন যেখানে যাই, সেখানকার ছবি এবং তার আশপাশের ভালো লাগার দৃশ্যগুলো ফ্রেমে বন্দী করি। আমার চারপাশই ছবির বিষয়বস্তু।’
কাল রাত থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে জুয়েলের ওয়েবসাইটও। www.harjewel.me নামের এই ওয়েবসাইটে বিভিন্ন সময়ে গাওয়া তাঁর সব গান, গানের ভিডিও, ছবি এবং নানা ধরনের তথ্য থাকবে। ওয়েবসাইট চালু প্রসঙ্গে জুয়েল বলেন, ‘এই ওয়েবসাইটে আমার নতুন-পুরোনো সব গান, গানের ভিডিওসহ সব ধরনের তথ্য দেওয়া থাকবে। আপকামিং নানা ইভেন্ট সম্পর্কে তথ্য দেওয়া থাকবে।’