নতুন প্রেমে মার্ক অ্যান্থনি

মার্কিন সংগীত তারকা মার্ক অ্যান্থনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি ব্যাচেলর থাকতে চান। তাই বলে এটা বলেননি, তাঁর কোনো প্রেমিকা থাকবে না।
চতুর্থ স্ত্রী মডেল শ্যানন ডি লিমার সঙ্গে বিচ্ছেদ হলো খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই শোনা যাচ্ছে তিনি মজেছেন নতুন প্রেমে। পেজ সিক্স ও টিএমজেড-এর তথ্য অনুযায়ী, মাস দু-এক যাবৎ মার্ক অ্যান্থনিকে তাঁর থেকে ২৭ বছরের ছোট ২১ বছর বয়সী মডেল মারিয়ানা ডাউনিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।
তাঁরা একসঙ্গে নৈশভোজেও যাচ্ছেন। শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট করতে গিয়ে অ্যান্থনি সবার সামনে তাঁর প্রেমিকাকে নিয়ে আসেন। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘তাঁরা ভালোবাসায় মজেছেন। তাঁদের আলাদা করা যাবে না। তাঁরা সব সময় একসঙ্গে আছেন।’
দেখা যাক, মার্ক অ্যান্থনি মারিয়ানাকেও আংটি পরিয়ে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন কি না। ইয়াহু সেলিব্রিটি