নব আয়োজনে নজরুল

ভিন্ন সংগীতায়োজনে এই প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের গানকে পৌঁছে দিচ্ছেন অনেক তরুণ শিল্পীকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ কাঁপিয়ে বেজে ওঠে রণবাদ্য। শোনা যায় ‘কারার ঐ লৌহ–কবাট’। তরুণদের শিরায় শিরায় যেন আগুন ধরিয়ে দেয় আর্টসেল। এভাবে ভিন্ন সংগীতায়োজনে এই প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের গানকে পৌঁছে দিচ্ছেন অনেক তরুণ শিল্পী।

রক গানের দল দৃক
ছবি: ফেসবুক থেকে

মাইলস ব্যান্ডের ভোকাল শাফিন আহমেদ ভিন্ন সংগীতায়োজনে নিজস্ব গায়কিতে প্রকাশ করেছিলেন নজরুলের গান। স্মরণ করা যেতে পারে পুলক অধিকারীর কণ্ঠে ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ বা দৃক ব্যান্ডের ‘ঝর্ণার মতো চঞ্চল’ গানগুলোর কথা। এই কাজগুলো করার নেপথ্য প্রেরণা কী? দৃকের ভোকাল জামান সাইফ বলেন, ‘নজরুলের নানা রকম গান আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তাঁর কবিতা ও গানে দ্রোহের একটা ব্যাপার বেশ প্রবল। আমরা যারা রক গান করি, তাদের সঙ্গে এই গানগুলো খুব মানায়। আমাদের ইচ্ছা ছিল নজরুলের একটা গানের রক ভার্সন করব। আমরা রেকর্ড করার আগেই ডিউ ড্রপ ব্যান্ড “চল্ চল্ চল্‌” ও আর্টসেল “কান্ডারি হুঁশিয়ার” প্রকাশ করে। আমরা আরও অনুপ্রাণিত হই। তখন আমরা “ঝর্ণার মতো চঞ্চল” করি। ধরেই নিয়েছিলাম যে ইতি–নেতি দুই রকম প্রতিক্রিয়াই পাব। পরে দেখি, ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি।’ ঢাকার এক কনসার্টে আসিফ ইকবাল জুয়েলের সংগীতায়োজনে একঝাঁক শিল্পীর কণ্ঠে রণসংগীত ‘চল্ চল্ চল্’ তরুণ প্রজন্ম লুফে নিয়েছে। ব্যান্ড, নজরুলসংগীত ও আধুনিক গানের তরুণ শিল্পীরা মিলে ভিন্ন উপস্থাপনায় এভাবে উপহার দিয়েছেন নজরুলের বেশ কিছু গান। তার মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মেঘেরও ডমরু ঘন বাজে’, প্রয়াত পৃত্থিরাজের কণ্ঠে ‘পরদেশী মেঘ’, পৃত্থিরাজ, রেহান, সেতু ও সাইফের ‘হেরা হতে হেলেদুলে’ গানগুলো উল্লেখযোগ্য।

খায়রুল আনাম শাকিল
ছবি : প্রথম আলো

নজরুলসংগীতের জ্যেষ্ঠ শিল্পীরা এই প্রচেষ্টাকে কীভাবে দেখেন? খায়রুল আনাম শাকিল মনে করেন নজরুলের কিছু কিছু গান বিদেশি সুরের ওপর ভিত্তি করে তৈরি, এগুলো আধুনিক যন্ত্রানুষঙ্গে করা যায়। তবে নজরুলের বেশির ভাগ গান এই উপমহাদেশের ধ্রুপদি সংগীতের ওপর ভিত্তি করে রচিত। হারমোনিয়াম–তবলা–সারেঙ্গীর মতো যন্ত্রের বদলে আধুনিক যন্ত্রে গাইলে সেগুলো অন্য সংগীতে রূপ নেবে। তিনি বলেন, ‘নজরুলের অনেক গানই খেয়াল, ধ্রুপদ, ঠুমরিতে করা। এগুলোকে ভিন্ন উপস্থাপনায় করার সুযোগ নেই। নজরুলের গান নবসংগীতায়োজনের ক্ষেত্রে আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। পশ্চিমবঙ্গে নজরুলের সুরের ব্যাপারে একধরনের উদাসীনতা লক্ষ করেছি। আমরা তাদের সচেতন করার চেষ্টা করেছি। শ্রীকান্ত, রাঘব, জয়তী, মনোময়, ইমনরা আমাদের সাধুবাদ জানিয়েছেন।’

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠান মঞ্চে নজরুলসংগীত পরিবেশন করে রাফা অ্যান্ড ফ্রেন্ডস
ছবি: অনুষ্ঠানের স্ক্রিনশট

এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানের একটি পর্বে ছিল বঙ্গবন্ধুর প্রিয় গান। সেখানে নজরুলের বেশ কিছু গান ব্যান্ড সংগীতায়োজনে উপস্থাপন করেন রাফা অ্যান্ড ফ্রেন্ডস, পাভেল, জেরিম, সাকিব, সুফি প্রমুখ। তানভীর আলম সজীবের নবসংগীতায়োজনেও ছিল কিছু নজরুলের গান। তাঁর কাছে নজরুলসংগীতের এই নবপ্রবণতা নিয়ে জানতে চাই। সজীব বলেন, ‘নজরুল তাঁর নিজের সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর ছিলেন। এ কারণে অনেক গঞ্জনাও তাঁকে সইতে হয়েছে। সময়ের চেয়ে এগিয়ে যদি কাজ করতে না পারি, তাহলে আর নজরুলকে চর্চা করব কেন? তরুণদের তাঁদের মতো করে এই চর্চা ও চেষ্টা চালিয়ে যেতে হবে। বড়দের উচিত তরুণদের দিকনির্দেশনা দেওয়া। এদিক থেকে আমি সৌভাগ্যবান যে সুধীন দাশের কাছে নানা রকম পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছি। সিনিয়রদের কাছে এসব নিয়ে যাওয়ার সুযোগও কমে এসেছে ইদানীং।’

ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীরাও নজরুলের গানের চর্চা করেন। ভিন্ন সংগীতায়োজনে তাঁদের অনেকের গান প্রশংসিত হয়েছে। সেই তালিকায় মধুবন্তী বাগচির কণ্ঠে ‘পরদেশী মেঘ’, নজরুল ভিন্ন রাগাশ্রয়ী গান সোমলতা আচার্য্যের কণ্ঠে ‘প্রিয়া ভোলো অভিমান’, ‘জোছনা করেছে আড়ি’ গানগুলো রয়েছে।