নবম সন্তানের বাবা হলেন স্টিভি ওয়ান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভি ওয়ান্ডার
স্টিভি ওয়ান্ডার

৬৪ বছর বয়সে আবারও বাবা হলেন ‘আই জাস্ট কলড টু সে আই লাভ ইউ’খ্যাত মার্কিন সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার। সম্প্রতি অন্ধ এ গায়কের নবম সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন তাঁর প্রেমিকা তোমিকা রবিন ব্রেসি।
মেয়ের নাম তাঁরা রেখেছেন নিয়া। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্টিভি ওয়ান্ডারের মুখপাত্র। গত নভেম্বর মাসে ‘দ্য ভিউ’ টিভি অনুষ্ঠানে ব্রেসির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন ওয়ান্ডার। ব্রেসি ও ওয়ান্ডারের দ্বিতীয় সন্তান নিয়া। নিয়া শব্দের অর্থ উদ্দেশ্য। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইউএস ম্যাগাজিন।
ওয়ান্ডারের প্রথম স্ত্রী মার্কিন গায়িকা ও গীতিকার সুরিতা রাইট। ১৯৭০ সালে তাঁরা বিয়ে করেছিলেন। ১৯৭২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর আরও অনেকের সঙ্গেই সম্পর্কে জড়ান ওয়ান্ডার। তিনি ২০০১ সালে ফ্যাশন ডিজাইনার কাই মিলার্ড মরিসকে বিয়ে করেন। ২০০৯ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন ওয়ান্ডার ও মরিস। ২০১২ সালে মরিসের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন ওয়ান্ডার।