নভেম্বরে 'ঢাকা ফোক ফেস্ট ২০১৫'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’–এর সংবাদ সম্মেলনে অতিথি ও আয়োজকেরা
‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’–এর সংবাদ সম্মেলনে অতিথি ও আয়োজকেরা

ঢাকার আর্মি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ঢাকা ফোক ফেস্ট ২০১৫’। প্রথমবারের মতো এই উত্সব যৌথভাবে আয়োজন করছে সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, শিল্পী ফরিদা পারভীন, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, আর্টস ইন্টারঅ্যাকশনের প্রতিষ্ঠাতা অ্যালান টুইডি এবং সান ইভেন্টসের বিজনেস অ্যাডভাইজার টুটলি রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের লোকসংগীতের প্রখ্যাত শিল্পীরা ছাড়াও উত্সবে অংশ নেবেন পাকিস্তানের আবিদা পারভীন ও সাঁই জহুর, ভারতের পাপন, ইন্ডিয়ান ওশান, নুরান সিস্টারস, অর্ক মুখার্জি, পবন দাস বাউল ও পার্বতী বাউল এবং মিসরের আলেক্সান্দ্রিয়া ড্যান্স ট্রুপ। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত গান করবেন শিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আগ্রহীদের অনলাইনে www.dhakafolkfest.com ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।