নাটকে অতিথি চরিত্রে জন কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকের দৃশ্যে জন কবির ও মেহজাবীন
‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকের দৃশ্যে জন কবির ও মেহজাবীন

গায়ক ও সংগীত পরিচালক জন কবির কোরবানির ঈদে ঘোষণা দিয়েছিলেন, পরের এক বছর আর কোনো নাটকে অভিনয় করবেন না। শুধু গান নিয়েই ব্যস্ত থাকবেন। নতুন ব্যান্ড ‘ইন্ডালো’ নিয়ে সেভাবেই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু কিছু সম্পর্ক থাকে যাদের না করাটা কোনোভাবেই সম্ভব হয় না। আর সেই সম্পর্কের কারণেই পরিচালক শাফায়েত মনসুর রানার ভালোবাসা দিবসের নাটকে খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন জন।
জনের ভক্তেরা ভালোবাসা দিবসে তাঁদের প্রিয় এই শিল্পীকে একটিবারের জন্য হলেও অভিনয়ে দেখতে পাবেন। এটা তাঁদের জন্য বাড়তি পাওয়া।
‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ প্রচারণার অংশ হিসেবে তৈরি হয়েছে নাটক ‘হাতটা দাও না বাড়িয়ে’। আফসানা কাশেম মিমির গল্প থেকে এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। আর এই নাটকে খুবই অল্প সময়ের জন্য দেখা যাবে জন কবিরকে। অতিথিশিল্পী হিসেবে গায়ক ও সংগীত পরিচালক জন কবিরের এটিই প্রথম কোনো নাটক।
সম্প্রতি ঢাকার বেশ কয়েকটি জায়গায় এ নাটকের শুটিং করা হয়েছে। জন কবির অতিথি চরিত্রে থাকলেও ‘হাতটা দাও না বাড়িয়ে’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও মেহজাবীন। ভালোবাসা দিবস উপলক্ষে কাল রোববার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘হাতটা দাও না বাড়িয়ে’।

আজ শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে জন বলেন, ‘অভিনয় মোটেও আমার কাজ না। তারপর অনুরোধ রক্ষায় হাতেগোনা কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ করা হয়। পরিচালক শাফায়েতের সঙ্গে আমার সম্পর্কটাই অন্য রকম। তাঁর প্রায় সব পরিকল্পনার সঙ্গে কোনো না কোনোভাবে আমার থাকা হয়। আমি যে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়টাও শাফায়েত ভালো করেই জানে। কিন্তু “হাতটা দাও না বাড়িয়ে” নাটকে অভিনয়ের ব্যাপারে এমনভাবে সে আমাকে বলল যে তাৎক্ষণিকভাবে আমার পক্ষে না করা সম্ভব হয়নি। তবে এটুকু বলতে পারি, নাটকটা অন্য রকম কিছু একটা হবে। অনেকেরই ভালো লাগবে।’
‘ব্ল্যাক’ ব্যান্ডে ছিলেন তাহসান আর জন। ২০০৫ সালে তাহসান ছেড়ে দেন ‘ব্ল্যাক’। এরপর থেকে জন ও তাহসানকে একসঙ্গে দেখা যায়নি আর। ২০০৪ সালে তাঁরা দুজন একসঙ্গে দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। ‘কাছের মানুষ’ ও ‘অফবিট’ নামের ওই নাটক দুটির পরিচালক ছিলেন আফসানা মিমি। আর আট বছর পর ২০১৪ সালে তাঁরা দুজন একসঙ্গে আবার একটি নাটকে অভিনয় করেন। শাফায়েত মনসুর রানা পরিচালিত ‘অ্যাডিকশন’ নামের ওই নাটকে জন ও তাহসানের সহশিল্পী ছিলেন তিশা।