নাটকে গাইলেন নিজের গান

আগুন মূলত গানের মানুষ। অভিনয় নিয়েও আছে তাঁর ব্যস্ততা। আসছে ঈদের জন্য তৈরি একটি নাটকে গান ও অভিনয়—দুই ক্ষেত্রেই দেখা যাবে তাঁকে। একটি-দুটি নয়, এক নাটকে পাঁচটি গান গেয়েেছন তিনি। এর মধ্যে একটি রবীন্দ্রসংগীত, বাকি চারটি তাঁরই গাওয়া প্রায় ১৯ বছরের পুরোনো গান। নাটকটির নাম আমি বালি। নির্মাণ করেছেন সুমন ধর।
নাটকে গায়কের ভূমিকায়ই অভিনয় করেছেন সংগীতশিল্পী আগুন। তাঁর বিপরীতে অভিনয় করেছেন মডেল সাদিয়া ইসলাম মৌ। নাটকে গান ও অভিনয় নিয়ে আগুন বললেন, ‘আমি খুব যত্ন নিয়ে ১৮-১৯ বছর আগে গানগুলো গেয়েছিলাম। কিন্তু যতটা আশা নিয়ে গেয়েছিলাম, গানগুলো ওই সময় ততটা সাড়া ফেলেনি। তবে ‘‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’’ গানটি আমি গেয়েছিলাম প্রায় ১৮ বছর আগে। সেটি নিয়ে কিছুদিন আগে হুলুস্থুল পড়ে যায়। তাই আমি সব সময়ই আশাবাদী। নাটকে গেয়েছি ওই আশা নিয়েই। শ্রোতাদের ভালো লেগেও যেতে পারে।’ নির্মাতা জানান, নাটকে আরও অভিনয় করেছেন শম্পা রেজা ও তানিয়া। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে আমি বালি নাটকটি।