নাটকের পর চলচ্চিত্রেও বাপ্পা মজুমদার

গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারকে কিছুদিন আগেই দেখা গেছে টিভি নাটকে। অনুরোধ রক্ষার্থে নাটকটিতে অংশ নিতে হয়েছিল তাঁকে। এবারে অনুরোধে তাঁকে একটি চলচ্চিত্রের জন্যও কাজ করতে হয়েছে। ছবির নাম ‘পুত্র’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু। কিছুদিন আগে ঢাকায় ছবিটির কাজ শুরু হয়েছে। এরই মধ্যে বাপ্পা মজুমদারও তাঁর অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে বাপ্পা মজুমদার বলেন, ‘পরিচালক জানান, তিনি অটিজম নিয়ে কাজ করছেন। তাঁর সঙ্গে কাজটি নিয়ে যখন আলাপ হচ্ছিল, তখনো জানতাম না যে এটি ছবির শুটিং। আমার কাছে কাজের বিষয়টার চিন্তাভাবনা মহৎ মনে হয়েছে। সত্যি কথা বলতে, বিষয়বস্তুর কারণেই কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’
বাপ্পা মজুমদার চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। তাঁর গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অনেকেই। তবে এবারই প্রথম কোনো ছবিতে তাঁর পর্দা উপস্থিতি ঘটতে যাচ্ছে। বাপ্পা বললেন, ‘শুটিংয়ের আমরা যা তাইই দেখানো হয়েছে। ছবির একটা পর্যায়ে বাচ্চাদের নিয়ে গানের প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় আমাকে বিচারক হিসেবে দেখা যাবে। আমার সঙ্গে আরও থাকবেন ফাহমিদা আপা (ফাহমিদা নবী) ও মিল্টন খন্দকার ভাই।’
একই ছবিতে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে মেহরীনকে। ছবির মূল অভিনয়শিল্পীরা হলেন জয়া আহসান, ফেরদৌস, সাবেরী আলম, আহসান হাবিব নাসিম প্রমুখ।