নিউইয়র্কে একই মঞ্চে পার্থ ও নচিকেতা

দুই বাংলার দুই সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও নচিকেতা একই মঞ্চে গাইলেন। গত ৩০ আগস্ট নিউইয়র্কের কুইন্সে অবস্থিত ইয়র্ক কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক কনসার্টে অংশ নেন এই দুই শিল্পী। টোটালক্যাবল ও দেশি মিউজিক এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে কনসার্টটির আয়োজন করা হয়।
মঞ্চে প্রথম আসেন পার্থ বড়ুয়া। গানের দল সোলসের এই সদস্য তাঁর জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান। শুরু থেকেই অনুষ্ঠানের শব্দ ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট ছিলেন পার্থ। কয়েকটি গান গেয়ে একসময় দর্শকদের কিছুটা অতৃপ্ত রেখেই মঞ্চ ত্যাগ করেন তিনি। সামান্য বিরতির পর মঞ্চে আসেন নচিকেতা। একটা সময় জানালেন, ৪০ ঘণ্টা ধরে নিদ্রাহীন তিনি। তাই ক্লান্তি ভর করেছে তাঁর কণ্ঠে। কিন্তু এরপরও একের পর এক গেয়ে শোনালেন তাঁর জনপ্রিয় জীবনমুখী প্রায় এক কুড়ি গান। নচিকেতা শুধু গাইলেনই না, নানা কথায় ও হুল ফোটানো হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখলেন শ্রোতাদের। শেষমেশ নচিকেতা তাঁর ‘নীলাঞ্জনা’ গানের তিনটি ভিন্ন ভিন্ন পর্ব দিয়ে ইতি টানেন ভিনদেশি মাটিতে বাংলা গানে মুখর সন্ধ্যা।