নিউইয়র্কে স্মৃতি-সংগীতে 'একাত্তরের কণ্ঠযোদ্ধা'
নিউইয়র্কের কুইন্স প্যালেসে শনিবার বাংলাদেশের চার প্রখ্যাত কণ্ঠশিল্পীর গানে গানে দর্শক-শ্রোতারা যেন ফিরে গিয়েছিলেন একাত্তরের বাংলাদেশে। একাত্তরের কণ্ঠযোদ্ধাদের নিয়ে এদিন এক অনবদ্য সংগীত সন্ধ্যায় মেতে উঠেছিলেন নিউইয়র্ক প্রবাসীরা বাংলাদেশিরা। নগরীর উডসাইডের কুইন্স প্যালেসে শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল একাত্তরের কণ্ঠযোদ্ধাদের নিয়ে এক সংগীতানুষ্ঠানের।
একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী উপস্থাপনায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত আরেক জনপ্রিয় নাট্যাভিনেতা জামাল উদ্দীন হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। এই অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন।
একাত্তরের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, কাদেরী কিবরিয়া আর মঞ্জুর আহমেদের গানে গানে শত দর্শক-শ্রোতা ফিরে গিয়েছিলেন ৭১-এর বাংলাদেশে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, কনসাল জেনারেল ছাড়াও দলমত-নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আর কমিউনিটি নেতৃবৃন্দ সহ সকল শ্রেণির পেশাজীবী, কবি-সাহিত্যিক, শিল্পীদের ঢল নামে অনুষ্ঠানটিতে। অনেকেই আসেন সপরিবারে।
নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীদেরও উপস্থিতি ছিল লক্ষণীয়।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য পর্বের পর শুরু হয় কণ্ঠযোদ্ধাদের সংগীত পরিবেশনা। চার শিল্পীর গান পরিবেশনের আগে তাঁদের পরিচয় তুলে ধরা হয়। শিল্পীরা একে একে মঞ্চে এসে মুক্তিযুদ্ধ সময়কালীন স্মৃতি চারণ করেন এবং সেই সময়ের গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। তাদের স্মৃতি চারণ আর গানে গানে উঠে আসে স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। উঠে আসে সেই সময়ের জনপ্রিয় শিল্পী আব্দুল জব্বারের নামের পাশাপাশি অন্যান্য শিল্পী, গীতিকার, সুরকারের নাম।
‘সাপ্তাহিক পরিচয়’ পত্রিকার সম্পাদক নাজমুল আহসান ও বিশিষ্ট কলাম-লেখক হাসান ফেরদৌসের সঞ্চালনায় চার কণ্ঠযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণমূলক আলাপচারিতা ছিল এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। আয়োজকদের পক্ষ থেকে শিল্পী সুবীর নন্দীসহ একাত্তরের কণ্ঠযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়। শিল্পী সুবীর নন্দীর হাতে ক্রেস্ট তুলে দেন বদরুন্নাহার খান মিতা। কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের হাতে ক্রেস্ট তুলে দেন নার্গিস আহমেদ। সংগীতশিল্পী কাদেরী কিবরিয়ার হাতে ক্রেস্ট তুলে দেন মিসেস আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শহীদ হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন শাহানা রহমান আর মঞ্জুর আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন সেলিমা আশরাফ। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন আনতাকি রাইসা।
এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। এ ছাড়া, সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসির আলী খান পল, বদরুল হোসেন খান, আজিমুর রহমান বুরহান, মাসুদুল হক সানু, মোস্তাক আহমেদ, হাসানুজ্জামান হাসান, বদরুন্নাহার খান মিতা, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদ, ফারুক আহমেদসহ উপস্থিত ছিলেন শাহীন আজমল, কাজী কয়েস, আবু তালেব চৌধুরী চান্দু, মোহাম্মদ মনির হোসেন, শাহাদৎ হোসেন। অনুষ্ঠানটি উপভোগ করেন শেখ আতিকুল ইসলাম, নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইঞ্জিনিয়ার এম এইচ মতিন, দেওয়ান বজলু, ওয়াহিদ কাজী এলিন, বাহালুর সৈয়দ উজ্জল, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বেলাল চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে কণ্ঠযোদ্ধারা জানিয়েছেন, স্বাধীনতার ইতিহাস আজও বিকৃত হচ্ছে। অনেক শিল্পীই আজ নিজেদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পরিচয় দিচ্ছেন। এ প্রসঙ্গে মঞ্জুর আহমেদ বলেন, আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, কাদেরী কিবরিয়া, উমা খান প্রমুখ সহ সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাতে গোনা ১০ / ১২ জন শিল্পী ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সভাপতি ছিলেন আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ ছিলেন কাদেরী কিবরিয়া আর আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। তাই কারা কণ্ঠযোদ্ধা তা আমরা জানি।
অনুষ্ঠানে ‘একাত্তরের কণ্ঠযোদ্ধা’ অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সম্মান পেলেও কণ্ঠযোদ্ধারা যথাযথ সম্মান পাচ্ছেন না। তাঁদের সম্মানিত করতেই এমন অনুষ্ঠানের আয়োজন।
তিনি কণ্ঠযোদ্ধাদের দেশের জাতীয় বীর আখ্যায়িত করে বলেন, তাদের সম্মান জানানো ছাড়া আমাদের দেবার আর কিছুই নেই। তাদের সম্মান জানানো, স্মরণ করা, স্মরণ রাখা আমাদের কর্তব্য। তিনি বলেন, প্রবাস থেকেও দেশের জন্য আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। অনুষ্ঠানটি সফল করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।