নিউইয়র্কের পথে এলআরবি

দীর্ঘ ১১ বছর পর আজ এক মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবির চার সদস্য। শনিবার জামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এলআরবির কনসার্ট।
ফোনে কথা হলে আইয়ুব বাচ্চু জানান, এয়ারপোর্ট লাউঞ্জে অপেক্ষা করছেন বিমানে ওঠার শেষ ঘোষণার অপেক্ষায়। আর কিছুক্ষণ পরই সিঙ্গাপুর এয়ারলাইনসে চড়ে উড়াল দেবেন তিনি। এক মাসের যুক্তরাষ্ট্রে সফরে আইয়ুব বাচ্চুর সঙ্গে রয়েছেন স্বপন, মাসুদ, রোমেল ও শামীম।
আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশি মালিকানাধীন নিউইয়র্কের ইনফিনিটি মিডিয়া গ্রুপের আয়োজনে বেশ কয়েকটি কনসার্টে অংশগ্রহণ করার উদ্দেশ্যেই এবারের যাত্রা।’
কথা প্রসঙ্গে বাচ্চু আরও বলেন, ‘এলআরবি নিউইয়র্কে শেষ কনসার্ট করেছিল ২০০৪ সালে। এর পর গত ১১ বছর আর যুক্তরাষ্ট্রে আর আমাদের যাওয়া হয়নি। ১১ বছর পর সেই নিউইয়র্কেই আমাদের প্রথম কনসার্টটি হবে ৮ আগস্ট, শনিবার জামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে।’
তবে বাচ্চু জানিয়েছেন, বেশ অনেক বছর আগে ব্যক্তিগতভাবে নিউইয়র্কে তিনি শো করতে গিয়েছিলেন, যেখানে তার সঙ্গে আরও ছিলেন শিল্পী সাবিনা ইয়াসমীন।
আগামী ১৬ আগস্ট আটলান্টার বার্কমার হাইস্কুল মিলনায়তনে এলআরবি দ্বিতীয় কনসার্টে অংশগ্রহণ করবে। এর বাইরে আরও কয়েকটি কনসার্ট রয়েছে। তবে কবে, কখন, কোথায়; সেটা এখনো চূড়ান্ত হয়নি। আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন।