নিকির জন্য গানের কথা বদলালেন বিয়ন্স!

বিয়ন্স নোলস
বিয়ন্স নোলস

নিকি মিনাজকে ভালোবাসা জানাতেই সম্প্রতি সংগীতশিল্পী বিয়ন্স নোলস তাঁর গানের কথা বদলে সেখানে নিকির নাম বসিয়েছেন! এ ঘটনা ঘটেছে প্রথমবারের মতো পপসংগীতের এই দুই জনপ্রিয় তারকা একই মঞ্চে গান গাওয়ার ঠিক এক সপ্তাহ পরে।
৩৪ বছর বয়সী এই ‘দেজা ভ্যু’ সংগীত তারকা বিয়ন্স নিকি মিনাজের জন্য তাঁর ভালোবাসা জানাতে এ গানের একটি ভিডিওচিত্রও পোস্ট করেছেন। বিয়ন্স তাঁর গানের কথা বদলে সেখানে নিকির নাম বসিয়ে গানটি উপস্থাপন করেন। গানের কথায় বিয়ন্স নিকির নাম বসিয়ে গেয়েছেন, ‘আই মেট দিস গার্ল নিকি আই গাস ইউ ক্যুড সে শি ওয়াজ দ্য র‍্যাপ কুইন ...।’

মঞ্চে নিকি মিনাজের সঙ্গে বিশেষ মুহূর্তে বিয়ন্স নোলস।
মঞ্চে নিকি মিনাজের সঙ্গে বিশেষ মুহূর্তে বিয়ন্স নোলস।


তাঁর নাম নিয়ে বিয়ন্সের এই গান গাওয়ার ভিডিওটি পাওয়ার পর নিকি মিনাজ টুইটারে তা পোস্ট করেছেন। টুইটারে নিকি তাঁকে নিবেদন করা বিয়ন্স নোলসের এ গানের কথা উল্লেখ করে এক টুইট বার্তায় জানান, বিয়ন্স গানে তাঁর নাম নিয়েছেন। ‘র‍্যাপ কুইন’ বলে ডেকেছেন।
নিকি তাঁর টুইটে হ্যাসট্যাগে রেখেছেন ‘র‍্যাপকুইন’, ‘কুইনবে মাই’, ‘বে বে স্টিল হ্যাভ দ্য’, এবং ‘টাইডাল কিসেস টু অল মাই কুইনস’ শব্দগুলোকে।
সম্প্রতি মঞ্চে এই দুই পপ সংগীত তারকার অংশগ্রহণে ‘ফিলিং মাইসেলফ’ উপস্থাপনাটি সেখানকার হাজারো দর্শককে অভিভূত করেছে। পিটিআই। ডেইলি মেইল।