নিজ জেলায় লীনা তাপসীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লীনা তাপসী খান
লীনা তাপসী খান

কুমিল্লার মুরাদনগর উপজেলার হারপাকনা গ্রামের মেয়ে নজরুলসংগীতশিল্পী লীনা তাপসী খান। সেখান থেকেই তিনি পেলেন এক বিশেষ সম্মাননা। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নজরুল মঞ্চে আয়োজন করা হয় নজরুল স্মরণ অনুষ্ঠানের। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন লীনা তাপসী খানকে সংবর্ধনা দেওয়া হয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন। সংবর্ধনা অনুষ্ঠানে লীনা তাপসী খান বলেন, ‘নিজ এলাকার এই সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে। এই প্রজন্মের শিল্পীদের নজরুলচর্চায় আরও বেশি মনোযোগী হতে হবে।’
অনুষ্ঠানে নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিকের নজরুল–বিষয়ক গবেষণাগ্রন্থ পান্থজনের সখার মোড়ক উন্মোচন করা হয়। পরে দৌলতপুর নার্গিস-নজরুল শিল্পকলা একাডেমীর পরিবেশনায় কাজী নজরুল ইসলামের নাটক ভূতের ভয় পরিবেশন করা হয়।