>৪০ বছর আগে গান শুরু করেছিলেন তপন চৌধুরী। ‘মন শুধু মন ছুঁয়েছে’-এর মতো বেশ কিছু গান গেয়ে ছুঁয়েছেন বাঙালি সংগীতপ্রেমীদের হৃদয়। এক যুগ পর আগামী ৭ জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে এই শিল্পীর নতুন একক গানের অ্যালবাম ফিরে এলাম। অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের দিন ঢাকার একটি ক্লাবে উদ্যাপন করা হবে তাঁর সংগীতজীবনের ৪০ বছর। সেসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।

অ্যালবামের নাম ‘ফিরে এলাম’ কেন?
আসলেই তো এটা আমার ফিরে আসা। নামটাও রেখেছি সেই বিবেচনায়। গানে আমার যে ট্রেডমার্ক তৈরি হয়েছে, এই অ্যালবামে আমি সেই ধরনের গানই করেছি। নিজের ঘরানার বাইরে একদম যাইনি। তবে সমসাময়িকতার কথা অবশ্যই ভেবেছি।
দীর্ঘ ৪০ বছরে গানের জগতে কী কী পরিবর্তন চোখে পড়েছে?
অনেক পরিবর্তন। অনেক ক্ষেত্রে সেগুলোকে আমি স্বাভাবিক মনে করি। যে পরিবর্তনটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে তা হচ্ছে, সবার এখন বেগ বেড়েছে, কিন্তু আবেগ কমে গেছে। আগে যেমন আমরা সবাই একসঙ্গে বসে গান বানানোর কাজ করতাম, সেটা এখন আর চোখে পড়ে না। তবে আমার এই অ্যালবামের কাজ আগের মতো করে করার চেষ্টা করেছি।
নতুন অ্যালবামে কতগুলো গান থাকছে?
নয়টি গান রাখা হচ্ছে। একটি দ্বৈত গানও থাকতে পারে, আমার সঙ্গে কে গাইবেন তা এখনই বলব না। ভক্তরা আমার গানের একটি ভিডিও পাবেন।
এই দীর্ঘ বিরতির কারণ কী?
নিজেই এই দীর্ঘ বিরতি চেয়েছিলাম। পারিবারিক ব্যস্ততা ও দেশের বাইরে থাকাটাও অন্যতম কারণ। আমি কিন্তু নিয়মিত মঞ্চে গান করেছি।
৪০ বছর পূর্তি অনুষ্ঠানে কী কী থাকবে?
নতুন অ্যালবাম প্রকাশের সময়টার সঙ্গে ৪০ বছর পূর্তির ব্যাপারটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তাই ভাবলাম দীর্ঘ বিরতির পর যেহেতু অ্যালবামটি আসছে, সংগীতের নতুন-পুরোনো সহযোদ্ধা, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের নিয়েই সেটা উদ্যাপন করি। সেই ভাবনা থেকে এই আয়োজন।
সাক্ষাৎকার: মনজুর কাদের