নিজেই লিখলেন নতুন অ্যালবামের গান

নিজের নতুন অ্যালবাম নিয়ে দারুণ একটা কথা বললেন কৃষ্ণকলি। ‘দূরত্বটা যদি ঢাকার আগারগাঁও থেকে বারিধারা হয় তাহলে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গেছি!’ তাঁর কথায় সহজেই বোঝা যায় এরই মধ্যে অনেক দূর এগিয়েছে অ্যালবামের কাজ। জানালেন, তিনটি গানের রেকর্ডিং শেষ। আরও পাঁচটি গান রয়েছে রেকর্ডিংয়ের অপেক্ষায়।
নতুন অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। তবে শেষ হয়েছে গান নির্বাচন। অ্যালবামটি ‘ফাল্গুন, বর্ষা অথবা বৈশাখ’ উৎসব ধরে প্রকাশ পাবে বলে জানান কৃষ্ণকলি। তিনি বললেন, ‘অ্যালবামের প্রতিটি গানই আমার লেখা ও সুর করা। শ্রোতারা গানগুলোতে অন্য রকম স্বাদ পাবেন।’
কাজের ধীরগতি সম্পর্কে কৃষ্ণকলি আরও জানালেন, ‘মাঝে রবীন্দ্রসংগীতের অ্যালবাম নিয়ে কিছু কাজ করেছি। রবীন্দ্রনাথের পাঁচটি গানের রেকর্ডিংও হয়ে গেছে। ওই গানগুলো নতুন একক অ্যালবামের পরেই প্রকাশ করা হবে।’
কৃষ্ণকলির সবশেষ অ্যালবাম বুনোফুল বেরিয়েছিল বেঙ্গল থেকে। নতুন অ্যালবামটি হবে তাঁর চতুর্থ একক।