নিজেকে নিয়ে হতাশ বিবার

একের পর এক উল্টাপাল্টা কীর্তি ঘটিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হতে হতে রীতিমতো ক্লান্ত কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। ‘ব্যাড বয়’ ভাবমূর্তির কারণে নিজেকে নিয়ে হতাশ বলেই জানালেন ২১ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী।
বিবার বললেন, ‘দীর্ঘদিন বোকার স্বর্গে বাস করেছি আমি। আর পুরোটা সময় তা সহ্য করে গেছেন আমার মা। নিজের বিরুদ্ধেই যেন বিদ্রোহ করেছি আমি। দিনকে দিন রূঢ় আর অমার্জিত হয়ে পড়ছিলাম। আমাকে থামানোর কেউ ছিল না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এমটিভি অনলাইন।
বিবার আরও বলেন, ‘পেছন ফিরে তাকিয়ে দেখলাম, নিজেকে নিয়ে আমি হতাশ। আপনাকে নিজের ভুল স্বীকার করতে হবে। বলতে হবে, আমি দুঃখিত। আমি বরাবরই সৎ একজন মানুষ হতে চেয়েছি। আমি সবাইকে জানাতে চাই, আমার ভুলগুলো দিয়ে আমাকে বিচার করবেন না। আমি এমন একজন যে সত্যিই সবাইকে অনেক ভালোবাসে।’
ক্যারিয়ারের শুরুর দিকে সব ঠিকঠাক থাকলেও, বেশ কিছুদিন ধরে প্রায়ই নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন বিবার। একের পর এক আইন ভেঙে চলেছেন তিনি। কানাডায় একজন লিমোজিন গাড়িচালককে পেটানোর অভিযোগ রয়েছে এই ‘বেবি’ তারকার বিরুদ্ধে।
২০১৩ সালে বিবারের নির্দেশে আর্জেন্টিনায় একজন আলোকচিত্রীর ওপর হামলা চালিয়ে তাঁর ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেন বিবারের দুই দেহরক্ষী। এ জন্য মামলা হয় বিবারের বিরুদ্ধে। তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি বিষয়টিকে পাত্তা দেননি। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সমন জারি করেন আদালত। তাঁকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, বিবারকে ধরতে গত এপ্রিল মাসে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ করেন আর্জেন্টিনার বিচারক অ্যালবার্টো জুলিও ব্যানোস।
এ ছাড়া, ২০১৪ সালে মায়ামি স্ট্রিটে অবৈধ গাড়ির রেসে অংশ নেওয়ার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেন আদালত। সে বছরই ক্যালিফোর্নিয়ায় প্রতিবেশীর বাড়িতে ডিম ছুড়ে হইচই ফেলে দেন বিবার। এ জন্য আদালত তাঁকে অবেক্ষণাধীন অপরাধী বলে রায় দেন। তাঁর ওপর দুই বছর নজর রাখারও আদেশ দেন আদালত। প্রসঙ্গত, অবেক্ষণ-ব্যবস্থায় দ্বিতীয়বার আইন লঙ্ঘন না করার শর্তে অপরাধীদের প্রথম অপরাধের শাস্তি মাফ করে দেওয়া হয়।
আরও পড়ুন
বিবারকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ!