নিজের গানে মডেল হলেন ইমরান

কণ্ঠশিল্পী ইমরানের গানের ভিডিওতে সাধারণত আলাদা মডেল দেখা যায়। কিন্তু এবার গানের নতুন ভিডিওতে তিনি নিজেই মডেল হলেন। তাঁর বিপরীতে আছেন মডেল সায়রা। বলিউডের পলক মুচ্ছালের সঙ্গে গানটি গেয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘সবাই চলে যাবে’ শিরোনামের এই গানটিতে তাঁকে মডেল হিসেবে দেখা যায়। কাজটি তাঁর কাছে এক নতুন অভিজ্ঞতা। ইমরান বলেন, ‘গানের ভিডিওটির গল্প এমনভাবেই সাজানো হয়েছে, পুরোটা সময়ই যেন আমাকে অভিনয় করতে হয়েছে। সেটা দর্শকেরা দেখলেই বুঝতে পারবেন। নতুন ধরনের এই কাজটি করতে গিয়ে আমার কষ্টও কম হয়নি।’
কাজটি করতে টানা দুই দিন শুটিং করতে হয়। গতকাল রাতে তাঁর ফেসবুক পেজে গানের ভিডিওটির এক মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলার ছাড়া হয়েছে।
গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত ইমরান নিজেই করেছেন। গানের ভিডিও নির্মাণ করেছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক।
ইমরান জানান, আজ রাতেই পুরো গানের ভিডিওটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত পাবে।