নিজের বাড়িতে এসেছি
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৪’। উৎসব উপলক্ষে ঢাকায় এসেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আজকের অতিথি তিনি।

তৃতীয়বারের মতো উৎসবে এলেন আপনি। কেমন লাগছে?
নিজের বাড়িতে এলে সবার যেমন লাগে, আমার অনুভূতিও তেমন। আমার মা-বাবার জন্মস্থান বাংলাদেশ। কিশোরগঞ্জের মুষলী গ্রামে ছিল আমাদের পৈতৃক ভিটা। আমি যেন নিজের বাড়িতে এসেছি। রাগসংগীতের উৎসবে আসাকে আমি আমার দায়িত্ব মনে করি। ফলে দায়িত্ব পালনের মাধ্যমে একধরনের শান্তিও বোধ করছি।
বিগত দুই উৎসবের অভিজ্ঞতা...
বিগত উৎসবগুলোতে রাগসংগীতের প্রতি মানুষের, বিশেষত তরুণদের যে টান দেখেছি, তা এককথায় অসাধারণ! ভারতের পুনেতে পণ্ডিত ভিমসেন যোশী প্রবর্তিত ‘সোয়াই গন্ধর্ব সংগীত সম্মেলন’-এ এক রাতে যেখানে সবোর্চ্চ ১৫ হাজার লোক হয়, সেখানে এ উৎসবের প্রত্যেক রাতেই শ্রোতা ছিল ৩০ হাজারের মতো। এই পরিসংখ্যানটি স্মরণ রাখলেই বোঝা যাবে, পৃথিবীর মধ্যে রাগসংগীতের সবচেয়ে বড় উৎসব এখন ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’।
এবং বাংলা...
বাংলাতেই জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ। সেই পরম্পরা রক্ষার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের যে প্রচেষ্টা নিয়েছেন, সেটি অনন্য। আমি মনে করি, চলমান উৎসব ও বিগত উৎসবগুলোর মাধ্যমে তরুণ সম্প্রদায়ের কাছে এই বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে যে বাঙালি হিসেবে আমাদেরও আছে গৌরবের এতিহ্য।
আলতাফ শাহনেওয়াজ