নিজের লেখা গানের অনুষ্ঠানে নিজেই উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার

গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘পালকি’। অনুষ্ঠানটি উপস্থাপনাও করবেন তিনি।
অনুষ্ঠানে এই সময়ের শিল্পীরা গাইবেন মাজহারুল আনোয়ারের লেখা গান। শিল্পীদের তালিকায় আছেন রিজিয়া পারভীন, পলাশ, মনির খান, দিঠি আনোয়ার, অপুসহ অনেকেই।
একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার লিখেছেন অসংখ্য জনপ্রিয় গান। সেগুলো বাংলা চলচ্চিত্রের পাশাপাশি অনেক শিল্পী গেয়েছেন তাঁদের অ্যালবামে। সেই গানগুলো শোনানো হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানটি নিয়ে এই গীতিকার বলেন, ‘এটি আমার গানগুলো এক জায়গায় আর্কাইভ করে রাখারও একটা উদ্যোগ। চ্যানেল আইকে এ জন্য ধন্যবাদ।’
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা। তিনি জানান, প্রতি পর্বে পাঁচ-ছয়টি গান শোনানো হবে। পরবর্তী সময়ে অনুষ্ঠানে গাইবেন ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘সেরা কণ্ঠ’-এর শিল্পীরা। এটি প্রচারিত হবে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায়।