‘নিথুয়া পাথারে’র ১৩ বছর পর
মনপুরা সিনেমায় ‘নিথুয়া পাথারে’ গেয়ে প্রশংসায় ভেসেছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। সেটাই ছিল তাঁর প্রথম গান। সেই গানের মিউজিক করেছিলেন শায়ান চৌধুরী অর্ণব। এর মধ্যে কেটে গেছে ১৩ বছর। দীর্ঘদিন পর আবার নতুন গান নিয়ে ফিরলেন তাঁরা। ‘কি বলিব রে আর’ শিরোনামের গানটি ‘নোনাজলের কাব্য’ ছবির প্রচারণায় ব্যবহার করা হবে। গানটির গীতিকার পল্লিকবি জসীমউদ্দীন।
মনপুরার পর কি আর একসঙ্গে আপনাদের গান হয়েছে? ‘মনে পড়ে না। না, সেই হিট গানের পর আর একসঙ্গে গান করা হয়নি,’ বলেন ফজলুর রহমান বাবু। পরে মনে হয়নি আবার একসঙ্গে গান করবেন? প্রশ্ন শুনেই হাসেন এই অভিনেতা, ‘আমি কি গানের মানুষ? আমি অভিনয়ের মানুষ। গান হলো কি হলো না, সেটা নিয়ে কোনো দিনও ভাবি না। শখের বশে গান করি। গান নিয়ে আমার কোনো পরিকল্পনা থাকে না। এই গান নোনাজলের কাব্যর প্রচারের জন্য গেয়েছিলাম। তবে গানের চেয়ে এই সিনেমা নিয়ে আমার প্রত্যাশা বেশি।’
সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্র চেয়ারম্যান। আর এই চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বাবু বলেন, ‘একদমই ভিন্ন ঘরানার সিনেমা। এখানে জলবায়ু সমস্যার চিত্র আছে। মানবিক অনেক বিষয় আছে। মানুষের সুখ-দুঃখ, আশা, সংগ্রামের চিত্র আছে। এই ছবি সবার দেখা উচিত।’
ফোক ঘরানার গানটি সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে। গানটি গাইতে কেন ফজলুর রহমান বাবুকে বেছে নিলেন, এমন প্রশ্নে সিনেমা পরিচালক রেজওয়ান শাহরিয়ার বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো অ্যাসেট টিমে থাকলে কে এই সুযোগ হাতছাড়া করে? আমার সিনেমায় বাবু ভাইয়ের গান করার সুযোগ ছিল না। সে জন্য প্রমোশনে বাবু ভাইকে দিয়ে গানটি করার পরিকল্পনা করি। পরে শুনেছি, এই গান দিয়ে বাবু ভাই আর অর্ণব ভাই অনেক দিন পর একসঙ্গে কাজ করলেন। গানটি শ্রোতারা পছন্দ করছেন।’
সিনেমাটি ২৬ নভেম্বর মুক্তি পাবে।