নিরাশ করেননি অঞ্জন

ভালোবাসা দিবসে গত রোববার যাঁরা সমবেত হয়েছিলেন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, তাঁদের নিরাশ করেননি অঞ্জন দত্ত। এক একটি গান করেছেন আর তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দর্শকেরা। কে বলবে ২৪ বছর ধরে গান করছেন এই শিল্পী, বয়স চলে এসেছে ষাটের ঘরে? কণ্ঠে যেন সেই অঞ্জন, গত শতাব্দীর নব্বইয়ের দশকে যিনি কবীর সুমন, নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তৈরি করেছিলেন বাংলা নাগরিক গানের ভিন্ন এক গতিপথ।
‘ম্যারি অ্যান’, ‘বেলা বোস’, ‘পাড়ায় ঢুকলে’, ‘আমি বৃষ্টি দেখেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে এই সময়ে গাওয়া গানও করলেন তিনি।
অঞ্জন দত্ত মঞ্চে ওঠার আগে সভ্যতা ও সন্ধি মিলেও গাইলেন বেশ কয়েকটি গান। ব্যান্ড সংগীতের পাশাপাশি তাঁরা রবীন্দ্রনাথ, ডি এল রায় এবং নজরুলের গানও পরিবেশন করলেন।
আয়োজক প্রতিষ্ঠান ‘রেড ভেলভেট’-এর কর্ণধার রিসমী আক্তার কৃতজ্ঞতা জানান অঞ্জন দত্তকে।
বর্ণিল আলোর খেলার মধ্যে অঞ্জন দত্ত যখন গান করছিলেন, তখন চেনা সুরগুলো সমবেত দর্শক-কণ্ঠে মিলনায়তনজুড়ে সৃষ্টি করেছিল এক ঐন্দ্রজালিক আবহ। অঞ্জনের ছেলে নীল দত্তর গান ও বাজিয়েদের সঙ্গে তাঁর অনবদ্য বাদনে পুরো পরিবেশটাই হয়ে উঠেছিল মোহময়।